Commercial Gas Price Hike

পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব জ্বালানি বাজারে! ফের চড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, উদ্বেগে হোটেল-রেস্তরাঁ ব্যবসায়ীরা

১ জুন থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বেড়ে দাঁড়াল তিন হাজার ২৫৫ টাকা ৫০ পয়সা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১০:১৭

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ফের বৃদ্ধি পেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। সোমবার, ১ জুন থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বেড়ে দাঁড়াল তিন হাজার ২৫৫ টাকা ৫০ পয়সা।

চলতি বছরের শুরু থেকেই বাণিজ্যিক গ্যাসের দামে ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। জানুয়ারিতে সিলিন্ডারপিছু ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিলে ২১৮ টাকা দাম বৃদ্ধি করা হয়েছিল। এর পর মে মাসের শুরুতে এক ধাক্কায় প্রায় ৯৯৪ টাকা বাড়ানো হয় বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সেই বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই জুনের শুরুতে আরও ৫৩ টাকা ৫০ পয়সা দাম বাড়ল।

তবে স্বস্তির খবর, গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডার আগের মতোই ৯৩৯ টাকায় পাওয়া যাবে।

বাণিজ্যিক গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে হোটেল, রেস্তরাঁ এবং ছোট খাবারের দোকানগুলির মালিকদের মধ্যে। কারণ এই ব্যবসাগুলির অধিকাংশই গ্যাসনির্ভর। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় খাবারের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের উপরও পড়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে এলপিজি সরবরাহ ব্যবস্থার উপর চাপ তৈরি হয়েছে। ভারত তার মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করে। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ এলপিজি আসে হরমুজ প্রণালী হয়ে। ফলে ওই অঞ্চলে যে কোনও অস্থিরতা দেশের জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে রান্নার গ্যাস ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকলে আগামী দিনে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


Share