Special Intensive Revision

‘দু’পাশে চোরের মতো দাঁড়িয়ে আছে,’ বঙ্গভবনের বাইরে দিল্লি পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বঙ্গভবনে গিয়ে ‘এসআইআরে ক্ষতিগ্রস্ত’দের পরিবারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। অভিষেকও তাঁদের আশ্বাস দিয়েছেন। মমতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘চিন্তা করবেন না। আমি তো আছি।’’ বঙ্গভবনের বাইরে দাঁড়িয়ে মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে তল্লাশি করছে।”

দিল্লির বঙ্গভবনের বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৩

সোমবার দেশের নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। পশ্চিমবঙ্গ থেকে ‘এসআইআরের কারণে ক্ষতিগ্রস্ত’ পরিজনদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। এ বার বঙ্গভবনে তাঁদের হেনস্থার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বঙ্গভবনের বাইরে দিল্লি পুলিশ ঘিরে রেখেছে। তাঁর বক্তব্য, দু’পাশে দিল্লি পুলিশ ‘চোরের মতো’ দাঁড়িয়ে রয়েছে। বঙ্গভবনে তল্লাশিও চালিয়েছে বলেও অভিযোগ করেন মমতা। খবর পেয়েই দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নিয়ে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা দিয়েছেন। মমতা জানিয়েছেন, হেনস্থার খবর পেয়ে রাতের পোশাক না ছেড়েই বেরিয়ে পড়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ চলছে। এই নিয়ে প্রথম থেকেই তৃণমূল কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে। নির্বাচন কমিশন এ বিষয় নিয়ে আলোচনার জন্য সোমবার বিকেল সাড়ে ৪টেয় তৃণমূলের প্রতিনিধিদলকে সময় দিয়েছে। ওই বৈঠকে ‘এসআইআরে ক্ষতিগ্রস্ত’দেরও নিয়ে যাবেন মুখ‍্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গ থেকে এখনও পর্যন্ত এমন অনেক মৃত্যুর খবর এসেছে, যাঁদের পরিবার এসআইআরের চাপে মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। সেই সমস্ত পরিবারের কয়েক জন সদস্যকে দিল্লিতে নিয়ে গিয়েছেন মমতা। তাঁদের বঙ্গভবনে রাখা হয়েছে। কিন্তু সোমবার সকাল থেকে বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের তৎপরতা চোখে পড়েছে। অভিযোগ, এলাকায় পুলিশে পুলিশে ছয়লাপ। বঙ্গভবন ঘিরে রাখা হয়েছে। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যান মমতা। সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দিল্লি পুলিশকে ‘দুরাচারী’ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “দেখুন এ দিকে দাঁড়িয়ে আছে। ওই দিকেও দাঁড়িয়ে রয়েছে চোরেদের মতো। সকালে গিয়ে সার্চ করে এসেছে। যখন মানুষ মরছিল কেউ দেখে এসেছে! কেউ কি পাশে গিয়ে দাঁড়িয়েছে?”

বঙ্গভবনে গিয়ে ‘এসআইআরে ক্ষতিগ্রস্ত’দের পরিবারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। অভিষেকও তাঁদের আশ্বাস দিয়েছেন। মমতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘চিন্তা করবেন না। আমি তো আছি।’’ বঙ্গভবনের বাইরে দাঁড়িয়ে মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে তল্লাশি করছে। ওখানে পশ্চিমবঙ্গের মানুষ থাকছেন। এটা তো আমাদের ভবন। ওরা এটা করতে পারে না। আমাদের রাজ্যে অনেকে এসআইআরের কারণে মারা গিয়েছেন। তাঁদের পরিজনদের নিয়ে আমরা এসেছি। কিছু মানুষ আছেন, যাঁরা জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত। তাঁরাও এসেছেন।’’

এর পরেই দিল্লি পুলিশকে মমতার হুঁশিয়ারি, ‘‘আমাকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। অনেক দূর দূর থেকে আমরা ওঁদের নিয়ে এসেছি। ওঁদের ভয় দেখানো যাবে না। আমি রাতের পোশাকও ছাড়িনি। যা পরেছিলাম, তা-ই পরে অভিষেককে নিয়ে চলে এসেছি।’’ বঙ্গভবনের সামনে পৌঁছে দিল্লি পুলিশের আধিকারিকদের সঙ্গে মমতাকে কথাও বলতে দেখা গিয়েছে।

অতীতে দিল্লিতে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছিল। মমতা বলেন, ‘‘আপনারা সংযত হোন। রাজ্যের মানুষকে এ ভাবে হেনস্থা, নির্যাতন করবেন না। অনেকে মারা গিয়েছেন। অনেকে প্রিয়জনকে হারিয়েছেন। আমাদের গায়ের জোর দেখাবেন না। যদি ওঁদের জন্য এই দেশে আর কেউ না-ও লড়ে, আমি লড়ব। লড়ে যাব।’’ মঙ্গলবার বিকেলে বঙ্গভবন থেকে তৃণমূল একটি সাংবাদিক বৈঠক ডেকেছে। সেখানে ‘এসআইআরে ক্ষতিগ্রস্ত’রাও থাকবেন বলে জানিয়েছেন মমতা।


Share