Supreme Court

'আরশোলা’ মন্তব্য ঘিরে দেশজুড়ে তোলপাড়! যুবসমাজকে অপমান নয়, সংবাদমাধ্যমই ভুল ব্যাখ্যা করেছে মন্তব্য প্রধান বিচারপতির

তিনি আরও জানান, দেশের তরুণ প্রজন্মের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। যুবসমাজকে তিনি 'উন্নত ভারতের স্তম্ভ' বলেও উল্লেখ করেন।

সুপ্রিম কোর্ট
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০৯:১২

আদালতে কিছু বেকার তরুণকে ‘আরশোলা’র সঙ্গে তুলনা করা হয়েছে, এমন অভিযোগ ঘিরে দেশজুড়ে বিতর্ক ছড়াতেই নিজের মন্তব্য নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। শনিবার এক বিবৃতিতে তিনি জানান, তাঁর মৌখিক পর্যবেক্ষণকে সংবাদমাধ্যমের একাংশ ভুলভাবে তুলে ধরেছে। দেশের যুবসমাজকে অপমান করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ‘সিনিয়র অ্যাডভোকেট’ পদবী সংক্রান্ত একটি মামলার শুনানির সময় বিতর্কিত মন্তব্যটি সামনে আসে। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘গতকাল একটি তুচ্ছ মামলার শুনানিতে সংবাদমাধ্যমের একাংশ যেভাবে আমার মৌখিক মন্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করেছে, তা পড়ে আমি ব্যথিত। যারা জাল ডিগ্রির সাহায্যে ওকালতির মতো মহান পেশায় ঢুকে পড়েছেন, আমি বিশেষভাবে তাদের সমালোচনা করেছিলাম। একই ধরনের ব্যক্তিরা সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মহৎ পেশাতেও ঢুকে পড়েছেন, এবং তাই তাঁরা পরজীবীর মতো। আমি দেশের যুব সম্প্রদায়ের সমালোচনা করেছি, এই ধারণা দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন।’

তিনি আরও জানান, দেশের তরুণ প্রজন্মের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। যুবসমাজকে তিনি 'উন্নত ভারতের স্তম্ভ' বলেও উল্লেখ করেন।

শুনানিতে আবেদনকারী আইনজীবীর আচরণ এবং সমাজমাধ্যমে তাঁর ব্যবহৃত ভাষা নিয়েও অসন্তোষ প্রকাশ করে বেঞ্চ। আদালত স্পষ্ট জানায়, ‘সিনিয়র অ্যাডভোকেট’ পদবী কোনও অধিকার নয়, এটি একটি সম্মান, যা জোর করে আদায় করা যায় না। প্রধান বিচারপতি কড়া ভাষায় মন্তব্য করেন, ‘গোটা বিশ্ব এই সম্মানের যোগ্য হতে পারে, কিন্তু আপনি নন।’

এছাড়াও আইনজীবীদের জাল ডিগ্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি জানান, বহু আইনজীবীর শিক্ষাগত যোগ্যতার সত্যতা যাচাইয়ে ভবিষ্যতে সিবিআই তদন্তের কথাও ভাবা হচ্ছে। বার কাউন্সিলের ভোট রাজনীতির কারণেই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না বলেও মন্তব্য করে বেঞ্চ। পরে ওই আইনজীবী আদালতের কাছে ক্ষমা চেয়ে নিজের আবেদন প্রত্যাহার করে নেন।


Share