Nepal Flash Flood

আংশিক অবরুদ্ধ চৌলানি নদী, জমছে জল, নেপালে আবার হড়পা বানের সতর্কতা জারি

নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তাকর্মীদের এলাকায় মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

নেপালে ফের বানের আশঙ্কা।
নিজস্ব সংবাদদাতা, নেপাল
  • শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৫

ফের ভূমিধসের জেরে আংশিক অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ। ফলে নেপালে ফের হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতকর্তা জারি করা হয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তাকর্মীদের এলাকায় মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

নেপালের আপি হিমাল ভাট্টার এলাকায় নতুন করে ভূমিধস। ধসের জেরে বিপুল পরিমাণ পাথর, কাদামাটি ও ধ্বংসাবশেষ এসে পড়েছে নদীতে। ফলে নদীর একাংশ কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে। আটকে থাকা জল, পাথর ও মাটি ক্রমশ জমতে থাকায় আশঙ্কা বাড়ছে। প্রশাসনের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হলে নদীর গতিপথ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে বিপুল জলরাশি জমে এক সময় হড়পা বানের মতো ভয়াবহ জলরোষ নেমে আসতে পারে। বড় ধরনের দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। ঘটনার পরই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। কাছাকাছি এলাকায় থাকা মানুষজনকে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তাকর্মীদের এলাকায় মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন নদীর গতিপথ ও জলস্তরের উপর নজর রাখছে।

সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সুদূরপশ্চিম প্রদেশের মুখ্যমন্ত্রী খাগরাজ ভট্ট। যে কোনও জরুরি পরিস্থিতিতে তিনি দ্রুত পদক্ষেপ করতে প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছেন। ইতিমধ্যেই বন্যা ও দুর্যোগ মোকাবিলায় জরুরি নম্বর চালু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চৌলানি নদীর জলস্তর এখনও স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতির উপর নজরদারি এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে বালাঞ্চ এলাকায় নেপাল-চামেলিয়া জলবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, চৌলানি নদী ‘ক্যামেলিয়া’ নামেও পরিচিত। আপি হিমালয় অঞ্চল থেকে উৎপন্ন এই নদী পরে মহাকালী নদীতে গিয়ে মিশেছে। নদীটির একটি অংশ নেপাল-ভারত সীমান্তবর্তী এলাকায় প্রবাহিত।


Share