Lok Sabha

অবশেষে সংসদের অধিবেশন ডাকল কেন্দ্রীয় সরকার, ৩০ নভেম্বর থেকে ফের বসছে লোকসভা

বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সমাজমাধ্যমে এই ঘোষণা করেন। তবে এই অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে আনা বিলগুলি নিয়ে সরকার নতুন করে উদ্যোগী হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

প্রতিনিধিত্বমূলক ছবি।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ০৯:৩১

অবশেষে সংসদের অধিবেশন পুনরায় ডাকার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। মুলতুবি থাকা বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সমাজমাধ্যমে এই ঘোষণা করেন। তবে এই অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে আনা বিলগুলি নিয়ে সরকার নতুন করে উদ্যোগী হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

কিরেণ রিজিজু জানিয়েছেন, আগামী সোমবার, ৩০ নভেম্বর লোকসভা এবং বুধবার, ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন পুনরায় আহ্বানের জন্য সরকার সংশ্লিষ্ট দুই কক্ষের অধ্যক্ষ ও চেয়ারম্যানের কাছে আবেদন জানিয়েছে। জরুরি সরকারি কাজকর্ম সম্পন্ন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। সরকারি কাজের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে আগামী ৩ ডিসেম্বর দুই কক্ষের অধিবেশন শেষ হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব ডাকার পিছনে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল নিয়ে সরকারের নতুন রাজনৈতিক অঙ্ক কাজ করতে পারে। তাঁদের ধারণা, ডিএমকে এবং এনসিপি (শরদচন্দ্র পওয়ার)-এর মতো দলগুলির সমর্থন আদায় অথবা ভোটাভুটিতে তাদের বিরত রাখার বিষয়ে সরকার কোনও সমঝোতায় পৌঁছেছে। কারণ, লোকসভার আসন বৃদ্ধি ও পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাবটি সংবিধান সংশোধনী বিলের অন্তর্ভুক্ত। ফলে তা পাশ করাতে উপস্থিত ও ভোটদানকারী সাংসদদের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। এই ধরনের বিল ধ্বনিভোটে পাশ করানোর সুযোগ নেই। তাই সংখ্যাগরিষ্ঠতার হিসাব মেলাতে সরকারকে ভোটাভুটির পথেই হাঁটতে হবে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভার আসন বৃদ্ধি, পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ কার্যকরের লক্ষ্যে সংসদে তিনটি বিল পেশ করেছিলেন। প্রথমটি ছিল ১৩১তম সংবিধান সংশোধনী বিল, যার পোশাকি নাম ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। এই বিলের মাধ্যমে লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের পাশাপাশি লোকসভার আসনসংখ্যা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব রাখা হয়েছিল। দ্বিতীয়টি ছিল লোকসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত বিল। তৃতীয়টি ছিল কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আসন বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল।

তবে প্রথম বিলটি পাশ করানোর জন্য দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন হওয়ায় সরকার প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে পারেনি বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল। সেই কারণে পরবর্তী দু’টি বিল নিয়েও কেন্দ্র ভোটাভুটির পথে হাঁটেনি। বিরোধীদের একাংশের আশঙ্কা, এ বার বিভিন্ন আঞ্চলিক দলের সমর্থন আদায় করে সরকার ফের এই বিলগুলি সংসদে পাশ করানোর চেষ্টা করতে পারে। যদিও ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা অধিবেশনের সরকারি কর্মসূচিতে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা এখনও জানানো হয়নি। ফলে সংসদের এই সংক্ষিপ্ত অধিবেশনে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপ কী হয়, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।


Share