CBI

চিনে চাকরির টোপ দিয়ে নেপালের মহিলাকে কোটি টাকার প্রতারণার অভিযোগ, ন’বছর পর সিবিআইয়ের জালে মূল অভিযুক্ত কুলদীপ

এই ঘটনায় গত ২০১৭ সালের ৭ জুলাই এই প্রতারণার মামলাটি নথিভুক্ত হয়েছিল। এই মামলায় রোশন ফার্নান্দো, কুলদীপ কাপুর-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে গত ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বরে রোশন ফার্নান্দো এবং কুলদীপ কাপুরের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ১০:১৩

ন’বছর ধরে পলাতক থাকার পরে অবশেষে গ্রেফতার চাকরি প্রতারণার মূল অভিযুক্ত। ধৃতের নাম কুলদীপ কাপুর। দীর্ঘদিন ধরে কুলদীপ পলাতক ছিল। বুধবার সিবিআই তাঁকে উত্তরপ্রদেশের বারাউতের বিনৌলি রোড এলাকা থেকে গ্রেফতার করেছে। 

অভিযোগ, চিনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নেপালের এক মহিলার কাছ থেকে কয়েক কিস্তিতে মোট ১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। নেপালের ওই মহিলাকে কয়েক জনের সঙ্গে চিনে পাঠানো হয়েছিল। সেখানকার একটি উৎপাদনকারী কারখানায় কাজ করতেন নেপালের ওই মহিলা। কিন্তু ২০১৭ সালের ১৪ মার্চ চিনের পুলিশ তাঁকে আটক করে। পরে চিনে অবস্থিত ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে ওই মহিলা-সহ বাকিদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। ওই বছরই ১৩ এপ্রিল মহিলাকে নেপালের কাঠমান্ডুতে পাঠানো হয়।

এই ঘটনায় গত ২০১৭ সালের ৭ জুলাই এই প্রতারণার মামলাটি নথিভুক্ত হয়েছিল। এই মামলায় রোশন ফার্নান্দো, কুলদীপ কাপুর-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে গত ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বরে রোশন ফার্নান্দো এবং কুলদীপ কাপুরের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই। ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪২০, ৪৭১ ধারার সঙ্গে ৪৬৮ ধারা এবং ইমিগ্রেশন আইনের ২৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছিল।

বিচার চলাকালীন আইনি প্রক্রিয়া এড়িয়ে গিয়েছিল মূল অভিযুক্ত কূলদীপ। তাঁকে একাধিক বার নোটিস পাঠানো হলেও তিনি তদন্তকারীদের মুখোমুখি হননি। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলেও সিবিআই দাবি করেছিল। ফলে গত ২০২৩ সালের ১৯ জানুয়ারি আদালত কুলদীপ কাপুরকে ঘোষিত পলাতক অপরাধী হিসেবে ঘোষণা করে।


Share