Shoot Out

মুম্বইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন বলিউড অভিনেতা, জখম চালক-সহ দু’জন

ঘটনাকে কেন্দ্র করে বলিউড অভিনেতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কেন তাঁরা গুলি চালালো তা এখনও স্পষ্ট নয়। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে পুলিশকর্তারা মনে করছে।

মুম্বইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ১১:৩৪

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ের জুহু এলাকায়। রবিবার ফুটবল খেলে বাড়ি ফেরার সময় অভিনেতার বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে এই ঘটনায় অক্ষত রয়েছেন টাইগার শ্রফ। অল্পের জন‍্য প্রাণে বেঁচে গিয়েছেন বলিউড অভিনেতা। তবে জখম হয়েছেন তাঁর গাড়ির চালক এবং এক অটোচালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুহুর পুষ্পা পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছে। বাইকে চড়ে আসা তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মুম্বই পুলিশ মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তদের সন্ধানে একাধিক পুলিশ বিশেষ দল গঠন করেছে।


বিষ্ণোই গ্যাংয়ের যোগ? খতিয়ে দেখছে পুলিশ

সমাজমাধ‍্যমে এই ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকার দাবি করে একটি পোস্ট সামনে এসেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে পোস্টটির সত্যতা এবং গুলি চালানোর ঘটনার সঙ্গে ওই গ্যাংয়ের যোগ এখনও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হয়নি। হামলার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

তবে ঘটনাকে কেন্দ্র করে বলিউড অভিনেতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কেন তাঁরা গুলি চালালো তা এখনও স্পষ্ট নয়। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে পুলিশকর্তারা মনে করছে।


Share