Murder

ন’দিন বাড়ির মাটির নীচে দাদার দেহ! থানায় গিয়ে ‘নিখোঁজ’ অভিযোগ ভাইয়ের, গ্রেফতার অভিযুক্ত

জানা গিয়েছে, নিহত তারেক বেগ অবিবাহিত ছিলেন। তিনি থাকতেন ছোট ভাই মাসারিকের সঙ্গে। দুই মাস আগে মাসারিকের বিয়ে হয়। তাঁদের বাবা প্রয়াত, মা ছেলেদের সঙ্গে থাকতেন না।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, উত্তরপ্রদেশ
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬

পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে দাদাকে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। অপরাধের দায় এড়াতে দেহ বাড়ির মধ্যেই পুঁতে রেখে পরে নিজেই থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, প্রায় ন’দিন ধরে বাড়ির চৌহদ্দির মধ্যেই পোঁতা ছিল দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।

জানা গিয়েছে, নিহত তারেক বেগ (৩৮) অবিবাহিত ছিলেন। তিনি থাকতেন ছোট ভাই মাসারিকের সঙ্গে। দুই মাস আগে মাসারিকের বিয়ে হয়। তাঁদের বাবা প্রয়াত, মা ছেলেদের সঙ্গে থাকতেন না।

গত ১৫ ফেব্রুয়ারি মাসারিক থানায় অভিযোগ করেন, তাঁর দাদা পাঁচ দিন ধরে নিখোঁজ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা তারেকের মোবাইল ফোন ট্র্যাক করতে গিয়ে দেখেন, সেটি নিষ্ক্রিয় অবস্থায় বাড়িতেই পড়ে রয়েছে। সেখান থেকেই সন্দেহের সূচনা।

তদন্ত চলাকালীন তারেকের কাকা পুলিশকে জানান, দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল। তিনি মাসারিকের বিরুদ্ধেই সন্দেহ প্রকাশ করেন। এরপর মাসারিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য দিলেও টানা জেরার মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়েন এবং দাদাকে খুনের কথা স্বীকার করেন।

পুলিশ সূত্রে দাবি, পৈতৃক সম্পত্তির একক মালিকানা পেতে পরিকল্পিতভাবেই এই খুন করা হয়। গত ৯ ফেব্রুয়ারি রাতে ঘুমন্ত অবস্থায় তারেকের উপর কুড়ুল দিয়ে হামলা করেন মাসারিক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বাড়ির পিছনের জমি খুঁড়ে দেহ পুঁতে দেন অভিযুক্ত।


Share