Bisleri

বিসলেরির জলে ফের বিপত্তি, এ বার জলপাইগুড়ির কারখানার নমুনায় মিলল জীবাণু

এ বার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির কারখানায় তৈরি জলের নমুনায় মিলল কলিফর্ম জীবাণু। দু’টি পৃথক গবেষণাগারে পরীক্ষা করেও ওই নমুনা উত্তীর্ণ হতে পারেনি। এমনটাই জানিয়েছে ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ১২:৪১

বিসলেরির বোতলবন্দি পানীয় জলের গুণমান নিয়ে ফের প্রশ্ন উঠল। এ বার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির কারখানায় তৈরি জলের নমুনায় মিলল কলিফর্ম জীবাণু। দু’টি পৃথক গবেষণাগারে পরীক্ষা করেও ওই নমুনা উত্তীর্ণ হতে পারেনি। এমনটাই জানিয়েছে ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)। এই ঘটনার পর সংস্থাটি বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়ে বিসলেরি এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

পিটিআই সূত্রে খবর, জলপাইগুড়ির তেলিপাড়া গ্রামের বিসলেরি কারখানা থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। প্রথমে একটি প্রাথমিক গবেষণাগারে এবং পরে অন্য একটি গবেষণাগারে সেই নমুনা পরীক্ষা করা হয়। দু’টি পরীক্ষাতেই জলে কলিফর্ম জীবাণুর উপস্থিতি ধরা পড়ে। সাধারণত জলের পাইপে ছিদ্র বা ফাটল থাকলে কিংবা নিকাশি ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে এই ধরনের জীবাণু পানীয় জলে মিশতে পারে। যে নমুনাটি পরীক্ষায় ব্যর্থ হয়েছে, সেটি পিবি ২০১ ব্যাচের। জীবাণুর উপস্থিতি ধরা পড়ার পর ২০২৬ সালের ১২ অগস্ট উৎপাদিত ওই ব্যাচের সমস্ত বোতল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই গোয়ায় বিসলেরির কারখানায় তৈরি বোতলবন্দি পানীয় জলের নমুনা পরীক্ষাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। এফএসএসএআইয়ের প্রাথমিক পরীক্ষায় ওই নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া যায়। সংস্থার আবেদনে দ্বিতীয় দফায় পরীক্ষা হলেও তাতেও পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (পিএএইচ)-এর উপস্থিতির বিষয়টি সামনে আসে। এর পর ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’-এর আওতায় ওই নমুনাকে ‘অসুরক্ষিত’ ঘোষণা করে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা আইনি পদক্ষেপের অনুমোদন দেয়।

ব্রোমেটকে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার এবং ইউএস ইপিএ-র মতো সংস্থা চিহ্নিত করেছে। ফলে নামী সংস্থার বোতলবন্দি পানীয় জলের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে ট্রেন, বাস কিংবা রাস্তাঘাটে যাঁরা বোতলবন্দি জল কিনে পান করেন, তাঁদের জন্য এই ধরনের অভিযোগ উদ্বেগ বাড়িয়েছে।

যদিও গোয়ার ঘটনার ক্ষেত্রে বিসলেরি খাদ্য নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ মানতে নারাজ। সংস্থার দাবি, নিষেধাজ্ঞা শুধুমাত্র গোয়ার কারখানায় ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর উৎপাদিত জিও ২৭০ ব্যাচের ক্ষেত্রে প্রযোজ্য। বিসলেরির বক্তব্য, ২৩ নভেম্বর এফএসএসএআইয়ের পুনঃপরীক্ষায় ওই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া গিয়েছে। একই ব্যাচের ছ’টি নমুনার মধ্যে একটিতে পিএএইচ পাওয়া গেলেও অন্য একটি নমুনা সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে দাবি সংস্থার। পরীক্ষার ফলের অসঙ্গতি নিয়ে আপত্তি জানিয়ে পিএএইচ-এর পুনঃপরীক্ষার আবেদনও করেছে তাঁরা।

বিসলেরির আরও দাবি, বছরে তাদের ৫০ হাজারেরও বেশি ব্যাচ উৎপাদিত হয়। তাই একটি ব্যাচের নমুনার পরীক্ষার ফল দিয়ে সংস্থার সমস্ত উৎপাদন কেন্দ্রের জলের গুণমান বিচার করা যায় না। তবে গোয়ার পর এ বার বাংলার কারখানার নমুনাতেও জীবাণুর উপস্থিতি ধরা পড়ায় বিসলেরির বোতলবন্দি পানীয় জলের মান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল।


Share