Bisleri

বিসলেরির পানীয় জলে ক্যানসারের বিষ! দ্বিতীয় পরীক্ষাতেও মিলল বিপজ্জনক ব্রোমেট, সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি এফএসএসএআইয়ের

এই ঘটনায় বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই) আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে। রবিবার কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থা সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ১০:৪৬

নামজাদা সংস্থা বিসলেরির প্যাকেটজাত পানীয় জলের নমুনায় মিলল ক্যানসার সৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমন উপাদান! প্রাথমিক পরীক্ষার পর দ্বিতীয় দফার পরীক্ষাতেও নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেটের উপস্থিতি ধরা পড়েছে। এই ঘটনায় বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই) আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে। রবিবার কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থা সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে বিসলেরির কোন নির্দিষ্ট ব্র্যান্ড বা ধরনের প্যাকেটজাত পানীয় জলের নমুনায় এই বিপজ্জনক উপাদান মিলেছে, তা স্পষ্ট করেনি তাঁরা।

এফএসএসএআই জানিয়েছে, পরীক্ষার জন্য বিসলেরি ইন্টারন্যাশনালের প্যাকেটজাত পানীয় জলের একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল। উল্লেখ্য, এটি মিনারেল ওয়াটার বা খনিজ জলের নমুনা ছিল না। প্রাথমিক পরীক্ষায় ওই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়। এর পর সংস্থার আবেদনের ভিত্তিতে দ্বিতীয় দফায় নমুনাটি পরীক্ষা করা হয়। কিন্তু সেখানেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া যায়নি। ফলে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’-এর অধীনে ওই পানীয় জলকে ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দিয়েছে এফএসএসএআই।

কেন এই ব্রোমেট নিয়ে এত উদ্বেগ?

আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (আইএআরসি) এবং আমেরিকার পরিবেশ সুরক্ষা সংস্থা (ইউএস ইপিএ)-সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ব্রোমেটকে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে চিহ্নিত করেছে। ফলে নামী সংস্থার প্যাকেটজাত পানীয় জলেই যদি এই ধরনের উপাদানের উপস্থিতি ধরা পড়ে, তা হলে সাধারণ মানুষের পানীয় জলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশেষত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড কিংবা ট্রেন-বাসে যাতায়াতের পথে যে সমস্ত মানুষ বোতলবন্দি জল কেনেন, তাঁদের কাছে এই ঘটনা যথেষ্ট উদ্বেগের।

তবে শুধু বিসলেরিই নয়, একাধিক খাদ্য প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধেও এফএসএসএআই পদক্ষেপ করেছে। বসন্ত মশালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি, নিয়মবিধি মেনে চলতে ব্যর্থ হওয়ায় উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্স স্থগিত করেছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা।

অন্য দিকে, এফএসএসএআই আশা কনফেকশনারির বিরুদ্ধে বাজার থেকে পণ্য প্রত্যাহারের নির্দেশ জারি করেছে। সংস্থাটিকে তাদের আগে থেকে প্যাকেটজাত চকোলেট-ভরা কুকিজ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষায় ওই পণ্যটিকেও ‘অসুরক্ষিত’ বলে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে খাদ্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও জোরদার করেছে এফএসএসএআই। খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থা (এফবিও) এবং ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি এনার্জি ড্রিঙ্ক ও অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারকদের বিরুদ্ধেও অভিযান বাড়িয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থাটি।


Share