Bihar Protest

ছাত্র বিক্ষোভে পুলিশের হাতে ‘একে-৪৭’! বিহারে গুলি চলার অভিযোগে তোলপাড়, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, সরব তেজস্বী-রাহুল

ঘটনার জেরে অভিযুক্ত আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আরজেডি সাংসদ মনোজ কুমার ঝাঁ।

ছাত্রবিক্ষোভ ঠেকাতে একে-৪৭ চালিয়ে গুলি করার অভিযোগ বিহারের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।
নিজস্ব সংবাদদাতা, বিহার
  • শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ০৬:৪৬

ছাত্র আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে ফের বিতর্ক। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগের পর এ বার বিহারে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার জেরে অভিযুক্ত আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আরজেডি সাংসদ মনোজ কুমার ঝাঁ।

নিট-সংক্রান্ত বিতর্কের প্রতিবাদে এবং দিল্লিতে চলা ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত শনিবার বিহার বন্‌ধের ডাক দেয় একাধিক ছাত্র সংগঠন। বন্‌ধের সমর্থনে রাজ্যের বিভিন্ন জেলায় পড়ুয়ারা বিক্ষোভ মিছিল করেন। সকাল থেকেই বিহারের একাধিক এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর সামনে আসে। অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। আন্দোলনকারীদের দাবি, বিনা প্ররোচনাতেই পুলিশ এই পদক্ষেপ করেছে।

বিহারের সিওয়ানে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ওই ঘটনায় গুলিবিদ্ধ তিন জনকে পটনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছে ১৫ বছরের এক কিশোর। পরিবারের দাবি, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পুলিশের ছোড়া গুলি তার গলায় লাগে। পরে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তার গলা থেকে গুলিটি বের করেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার সিওয়ান জেলার গান্ধী ময়দানে আন্দোলনকারী ছাত্ররা বিক্ষোভ মিছিল করছিলেন। মিছিল এগোতে থাকলে পুলিশের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর এক পুলিশ আধিকারিককে হাতে একে-৪৭ নিয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যেতে দেখা যায়। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, তিনি এগোতে এগোতে গুলি চালাচ্ছেন।

বিহারে ছাত্রদের উপর পুলিশি দমনপীড়নের অভিযোগ তুলে দায়ী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। তিনি গুলি চালানোর ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে প্রকাশ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিরুদ্ধেও সরব হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। সমাজমাধ্যমে তিনি লেখেন, “দিল্লিতে পড়ুয়াদের উপর পেলেট গান চলল। বিহারে একে-৪৭। উত্তরপ্রদেশ হোক কিংবা পশ্চিমবঙ্গ, বিহার বা দিল্লি সব জায়গায় পদ্ধতিটা একই।” অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান রাহুল। পাশাপাশি তাঁর বক্তব্য, দেশের ছাত্রসমাজের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া উচিত।


Share