Bangladesh Rail

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আনছে বাংলাদেশ, বাড়বে ট্রেন পরিষেবা ও রুট

মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে এই ২০০টি কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশ
  • শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৪:০৭

যাত্রী পরিষেবা উন্নত করতে এবং রেল অবকাঠামো শক্তিশালী করতে ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। দেশের রেলমন্ত্রী শেখ রবিউল আলম সংসদে এই তথ্য জানিয়েছেন। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে চলতি বছর থেকেই এই কোচগুলি গ্রহণ শুরু হবে।

মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে এই ২০০টি কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে। নতুন কোচ হাতে পাওয়ার পর চাহিদা অনুযায়ী নতুন ট্রেন রুট নির্ধারণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতের সাংসদ ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য দেন। তিনি আরও জানান, ভবিষ্যতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।

রেলমন্ত্রীর দাবি, নতুন কোচ ও ইঞ্জিন যুক্ত হলে যাত্রীদের আরাম বাড়বে এবং মালবাহী পরিষেবা জোরদার হওয়ায় রেলওয়ের রাজস্বও বৃদ্ধি পাবে। পাশাপাশি, ভারত থেকে কোচ আসার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলীয় জেলাগুলির সংযোগকারী আন্তঃনগর ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে। বর্তমানে এই রুটে ১৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে।

এছাড়াও, রেল নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে নতুন ব্রডগেজ ও ডুয়ালগেজ লাইন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। বর্তমানে দেশে মোট তিন হাজার ৪২৮.০৯ কিলোমিটার রেলপথ রয়েছে, যার মধ্যে এক হাজার ৫৯১.৪৩ কিলোমিটার মিটারগেজ, এক হাজার ০৬৬.৬০ কিলোমিটার ব্রডগেজ এবং ৭৭০.০৬ কিলোমিটার ডুয়ালগেজ ট্র্যাক অন্তর্ভুক্ত।


Share