Tiger Miscarriage Case

আহত অবস্থাতেই জঙ্গলে ছাড়া হয়েছিল বাঘিনীকে, অসমে ফের ধরার পর গর্ভপাত! নষ্ট হয়েছে তিনটি ভ্রূণ

বক্সায় স্থানান্তরের পর অসমে ফের ধরা পড়ে বাঘিনী, দীর্ঘ যাত্রা ও মানসিক চাপের জেরে তিনটি ভ্রূণ নষ্ট হওয়ার আশঙ্কা।

অসুস্থ বাঘিনী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০২:১০

বিহারের জঙ্গল থেকে পশ্চিমবঙ্গের বক্সায় স্থানান্তর, তার পর অসমে পাড়ি। বারবার ধরা পড়া, খাঁচাবন্দি থাকা এবং দীর্ঘ যাত্রার ধকল। শেষ পর্যন্ত তিনটি শাবকের জন্ম দেওয়ার আগেই গর্ভপাত হল তিন বছরের বাঘিনীর। অসমের কোকরাঝাড়ের কাছে ফের ধরার পর তার পেটে থাকা তিনটি ভ্রূণ নষ্ট হওয়ার ঘটনা সামনে এসেছে। প্রতিটি ভ্রূণের বয়স আনুমানিক দু’মাস বলে জানা গিয়েছে। এই ঘটনায় বাঘিনীকে স্থানান্তর ও পরিচর্যার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে গত ২৯ সেপ্টেম্বর বাঘিনীটিকে ধরা হয়। ২৯ ও ৩০ সেপ্টেম্বর দীর্ঘ সড়কপথ এবং বায়ুসেনার বিমানে করে তাকে বক্সা ব্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হয়। কিন্তু এই যাত্রাপথেই প্রাণীটির একাধিক চোট লাগে বলে দাবি করা হয়েছে। নথি অনুযায়ী, সামনের দু’টি থাবার প্যাডে ক্ষত, নাকের কাছে আঘাত, নীচের চোয়ালের একটি দাঁত ভেঙে যাওয়া এবং নখ ক্ষয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তা সত্ত্বেও ৪ অক্টোবর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

১৫ অক্টোবর বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনায় বাঘিনীকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত এনক্লোজারে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু ২৩ অক্টোবর সে অসমে ঢুকে পড়ে। এরপর ৩ নভেম্বর কোকরাঝাড় শহরের কাছে গেলাগুড়ি গ্রাম সংলগ্ন এলাকা থেকে তাকে ফের ধরে বনকর্মীরা। চারটি প্রশিক্ষিত হাতি ও একাধিক খননযন্ত্র ব্যবহার করে তাকে ঘিরে ফেলা হয়। সেই সময়ই তাকে অচেতন করার পর তিনটি ভ্রূণ নষ্ট হওয়ার বিষয়টি সামনে আসে।
অন্যদিকে, বক্সায় ফেরানোর পর বাঘিনীকে রাখার জন্য হরিণের পুরনো খাঁচাকেই বাঘের এনক্লোজার হিসেবে ব্যবহার করা হয়েছিল। ৮ নভেম্বর সেই ঘেরাটোপের নীচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায় সে।

বাঘিনীর গর্ভপাতের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিজ্ঞানী কে রমেশ। সংস্থার ডিরেক্টর জি এস ভরদ্বাজের দাবি, প্রথমবার ধরার সময় গর্ভাবস্থার কোনও দৃশ্যমান লক্ষণ ছিল না। অ্যানাস্থেশিয়া, দীর্ঘ যাত্রা এবং মানসিক চাপের মতো একাধিক কারণ এর পিছনে থাকতে পারে।
জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের প্রধান সঞ্জয় কুমার জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। তদন্ত করে দেখা হবে। বর্তমানে বাঘিনীটি বক্সার জঙ্গলেই ঘোরাফেরা করছে।


Share