Fire Incident

মাঝরাতে চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই বিপদ! যমুনা এক্সপ্রেসওয়েতে পুড়ে মৃত অন্তত নয়, বাড়তে পারে সংখ্যা

এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বাসের ভিতরে আর কোনও যাত্রী আটকে রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

চলন্ত এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড।
নিজস্ব সংবাদদাতা, নয়ডা
  • শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৪

চলন্ত এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ের উপর আগুনে পুড়ে অন্তত ন’জন যাত্রীর মৃত্যু হল। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বাসের ভিতরে আর কোনও যাত্রী আটকে রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে প্রায় ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল বাসটি। মধ্যরাতে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জেওয়ারের কাছে দয়ানটপুর গ্রামের কাছে আচমকাই বাসটিতে আগুন ধরে যায়। সেই সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি বুঝতে অনেকেরই কিছুটা সময় লেগে যায়।

এক যাত্রী সংবাদসংস্থা এএনআই-কে জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। আচমকা এক জন যাত্রী চিৎকার করে বাসে আগুন লাগার কথা জানান। এরপরই বাসের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন ও ধোঁয়ার কারণে বাস থেকে বেরোনো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক বুঝে অনেক যাত্রী কাচের জানলা ভেঙে বাইরে বেরিয়ে আসেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছোয়। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসের ভিতরে তল্লাশি চালানো হয়। তবে আরও কেউ ভিতরে আটকে রয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকপ্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

কী কারণে চলন্ত বাসটিতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। দমকল ও পুলিশ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে। পুড়ে যাওয়া বাসটিকে আপাতত যমুনা এক্সপ্রেসওয়ের এক পাশে সরিয়ে রাখা হয়েছে। তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ স্পষ্ট হবে।


Share