Fire Incident

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ট্রেলার ও স্লিপার বাসের সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত আট বাসযাত্রীর

ট্রেলারে ধাক্কার পর আগুনে পুড়ে ছাই স্লিপার বাস। রাজস্থানের দৌসায় এই দুর্ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
নিজস্ব সংবাদদাতা, রাজস্থান
  • শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০৬:৩৬

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনা। প্রাণ হারালেন অন্তত আট জন বাসযাত্রী। মঙ্গলবার গভীর রাতে রাজস্থানের দৌসা জেলায় এই দুর্ঘটনা ঘটে। ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের দিকে ইন্দোরগামী একটি দূরপাল্লার স্লিপার বাস যাচ্ছিল। একটি ট্রেলারের সঙ্গে সজোরে বাসটির ধাক্কা লাগে। এর পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি দ্রুত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাস ও ট্রেলার দু'টিতেই আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়।

দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর বাসের ভিতর থেকে যাত্রীদের আর্তচিৎকার শোনা যায়। যাঁরা উপরের বার্থে ছিলেন, তাঁদের অনেককে প্রাণ বাঁচানোর জন্য নিচে ছুঁড়ে ফেলার চেষ্টা করা হয়। তবে বহু যাত্রী আগুনের মধ্যেই আটকে পড়েন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মৃতদের অধিকাংশই সেই সময় উপরের বার্থে ঘুমিয়ে ছিলেন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন অথবা অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এ দিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছোতে দেরি করে। তাতেই উদ্ধারকাজ বিলম্বিত হয়। তাঁদের দাবি, আগুন লাগার পর বহু যাত্রী দীর্ঘক্ষণ বাসের ভিতরে আটকে ছিলেন। যদি দ্রুত উদ্ধার অভিযান শুরু করা যেত, তাহলে হয়তো আরও কয়েকজনের প্রাণ বাঁচানো সম্ভব হতো।

ইতিমধ্যেই দুর্ঘটনার একাধিক ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই সব দৃশ্যে দেখা যাচ্ছে, বাস ও ট্রেলার দাউদাউ করে জ্বলছে। ভয়াবহ এই দুর্ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Share