Ashok Lahiri

টিকিট না পেলেও হেভিওয়েটের কামব্যাক, নীতি আয়োগে শীর্ষ পদে অশোক লাহিড়ী

বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ককে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে বসানো হয়েছে। এ দিকে এ বারের নির্বাচনে তাঁকে প্রার্থী না করা নিয়ে রাজনৈতিক মহলে জোর বিতর্ক চলছিল।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০১:০৮

ভোটে প্রার্থী না হলেও বড় দায়িত্ব পেলেন অশোক লাহিড়ী। বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ককে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে বসানো হয়েছে। এ বারের নির্বাচনে তাঁকে প্রার্থী না করা নিয়ে রাজনৈতিক মহলে জোর বিতর্ক চলছিল। একই সঙ্গে জল্পনা ছিল, খুব শিগগিরই তিনি কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। শেষ পর্যন্ত সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।

সূত্রের খবর, রাজ্যের আর এক ভূমিপুত্র গোবর্ধন দাসকেও নীতি আয়োগের সদস্য করা হয়েছে। এই নিয়ে তাঁর সহকর্মী ও বালুরঘাটের রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে প্রথমবার জিতে বিধায়ক হন অশোক লাহিড়ী। তিনি একসময় কেন্দ্রীয় সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য হিসেবেও কাজ করেছেন। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। ফলে তাঁর মতো অভিজ্ঞ ব্যক্তিত্বকে টিকিট না দেওয়ায় স্বাভাবিক ভাবেই তা রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছিল। কিছুটা অস্বস্তিও তৈরি হয়েছিল বিজেপি শিবিরে। এরপর থেকেই তাঁর জন্য সম্মানজনক পুনর্বাসনের জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান হল।

প্রসঙ্গত, ২০২৬ সালের নির্বাচনের আগে বিজেপির ইস্তেহার তৈরির জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন তাপস রায়, আর কনভেনারের দায়িত্বে ছিলেন অশোক লাহিড়ি। তখন থেকেই তিনি আবার রাজনৈতিকভাবে আলোচনায় উঠে আসেন। এখন নতুন দায়িত্বে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন, সেটাই দেখার।


Share