Accident

গোর্খায় ফের ভয়াবহ দুর্ঘটনা, নেপালে তীর্থ যাত্রীবোঝাই বাস খাদে, ৭ ভারতীয়ের মৃত্যু

পুলিশের ডেপুটি সুপার রাজ কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহতদের চিতওয়ান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, নেপাল
  • শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৩:৪৫

নেপালের গোর্খা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন ভারতীয় তীর্থযাত্রী। শনিবার সন্ধ্যায় মহাকামনা মন্দির থেকে ফেরার পথে একটি ছোট বেসরকারি বাস পাহাড়ি খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বাসটিতে মোট ১২ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ আধিকারিক তুলসি বাহাদুর শ্রেষ্ঠ জানিয়েছেন, বাসটি মনকামনা মন্দির থেকে আনবুখাইরেনি-র দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়।

পুলিশের ডেপুটি সুপার রাজ কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহতদের চিতওয়ান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী দল আশঙ্কা করছে, বাসের ধ্বংসস্তূপের নীচে আরও কেউ চাপা পড়ে থাকতে পারেন। তাঁদের খোঁজে বিশেষ তল্লাশি অভিযান চলছে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, প্রায় দু’বছর আগে একই এলাকায় ভারতীয় যাত্রীবোঝাই আর একটি বাস খাদে পড়ে ২৭ জনের মৃত্যু হয়েছিল। সাম্প্রতিক এই দুর্ঘটনার পর ফের সামনে এল নেপালে ক্রমবর্ধমান সড়ক নিরাপত্তা সংকট। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে দেশে ৭,৬৬৯টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯০ জনের মৃত্যু হয়েছে। 


Share