Air India and Indigo

পশ্চিম এশিয়ার সংঘাতে বিমান পরিষেবা বিপর্যস্ত, আটকে পড়া যাত্রীদের ফেরাতে বিশেষ ফ্লাইট চালাবে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো

কোন সংস্থা কতগুলি বিশেষ বিমান চালাবে, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে এয়ার ইন্ডিয়া মোট ৫৮টি বিমান চালাবে। অন্যদিকে, পশ্চিম এশিয়ার আটটি গন্তব্যে ইন্ডিগো বিশেষ পরিষেবা দেবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ইরান
  • শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৪:২৭

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক সংঘাতের জেরে বিপর্যস্ত অসামরিক বিমান পরিষেবা। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশে বহু ভারতীয়, আবার ভারতে আটকে রয়েছেন বিদেশি নাগরিকও আটকে পড়েছেন। তাঁদের কথা মাথায় রেখে বিশেষ বিমান চালানোর সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। বুধবার থেকেই দুবাই, আবুধাবি, শারজাহ-সহ পশ্চিম এশিয়ার একাধিক গন্তব্যে বিশেষ ফ্লাইট চালু করার ঘোষণা করা হয়েছে।

কোন সংস্থা কতগুলি বিশেষ বিমান চালাবে, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে এয়ার ইন্ডিয়া মোট ৫৮টি বিমান চালাবে। অন্যদিকে, পশ্চিম এশিয়ার আটটি গন্তব্যে ইন্ডিগো বিশেষ পরিষেবা দেবে। ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আটকে পড়া যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে ভারতীয় বিমান সংস্থাগুলির পরিষেবা আরও জোরদার করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিশেষ বিমান পরিচালনা বিভিন্ন অনুমোদনের উপর নির্ভরশীল। ভারত ও সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এই ফ্লাইটগুলি চালানো হচ্ছে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, দিল্লি ও মুম্বই থেকে জেড্ডা পর্যন্ত একটি করে ‘রাউন্ড ট্রিপ’ পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মাস্কাটেও নির্ধারিত পরিষেবা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্যদিকে ইন্ডিগো জানিয়েছে, বুধবার থেকে ইউরোপের কিছু নির্বাচিত রুটের পাশাপাশি পশ্চিম এশিয়ার আটটি গন্তব্যে বিশেষ ফ্লাইট চালানো হবে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে ঘিরে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে সামরিক সংঘাত হয়েছে। এখনও সেই সংঘাত থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না, বরং দুই পক্ষের হামলা আরও জোরালো হচ্ছে। ইজ়রায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলিকেও নিশানা করছে ইরান। এই সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বিমান পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। সেই পরিস্থিতির মধ্যেই বিশেষ ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় দুই বিমান সংস্থা।

এদিকে সংঘাতের আবহেই এয়ার ইন্ডিয়া বিমান ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটে অতিরিক্ত ৩৯৯ টাকা সারচার্জ নেওয়া হবে। আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রেও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Share