Air India Flight

মাঝআকাশে ছিনতাইয়ের আশঙ্কা! ফ্রাঙ্কফুর্ট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান জরুরি অবতরণ জয়পুরে

জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে জরুরি ভিত্তিতে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে অবতরণ করানো হল। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ০১:২৬

মাঝআকাশে বিমান ছিনতাইয়ের আশঙ্কা। সেই খবর ছড়াতেই তড়িঘড়ি পদক্ষেপ নিরাপত্তা সংস্থাগুলির। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে জরুরি ভিত্তিতে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে অবতরণ করানো হল। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। তবে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, বিমান ছিনতাইয়ের কোনও নিশ্চিত প্রমাণ মেলেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, বিমানে বোমা রাখা রয়েছে এবং সেটি ছিনতাই হতে পারে এমন খবর ছড়িয়ে পড়ে। এর পরই সতর্ক হয়ে ওঠেন নিরাপত্তা আধিকারিকেরা। এয়ার ইন্ডিয়ার এআই ২০৩০ বিমানটি ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু ভারতের আকাশসীমায় প্রবেশের পরই বিমানটিকে ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্কবার্তা পাঠানো হয়। তার পরেই বিমানটিকে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জয়পুর বিমানবন্দরের এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে ‘হিন্দুস্তান টাইমস’-কে জানিয়েছেন, বিমান ছিনতাইয়ের গুজব ছড়িয়েছিল। তবে বোমাতঙ্কের বিষয়টি তিনি অস্বীকার করেছেন। একই সঙ্গে, তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। ঠিক কী কারণে বিমানটিকে জরুরি অবতরণ করানো হল, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, বিমানটি নিরাপদে জয়পুর বিমানবন্দরে অবতরণ করে। এর পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়। বিমানটিকে অন্য জায়গায় সরিয়ে রেখে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়া বা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ফ্লাইটরেডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি ফ্রাঙ্কফুর্টের স্থানীয় সময় ১৩ অক্টোবর রাত পৌনে ১০টা নাগাদ উড়েছিল। ১৪ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটে দিল্লিতে পৌঁছনোর কথা ছিল সেটির। সূত্রের দাবি, বুধবার সকাল ৯টা নাগাদ বিমানটি থেকে প্রায় ৯ সেকেন্ডের একটি জরুরি সংকেত পায় আহমদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল। এর পর সকাল ৯টা ১০ মিনিট নাগাদ বিমানটিকে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সকাল পৌনে ১০টা নাগাদ জয়পুরে অবতরণ করে বিমানটি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানকে ঘিরে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় সহ-পাইলট হাম্মাম আল-হামামের বিরুদ্ধে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো এবং বিমানটিকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার অভিযোগ ওঠে। ক্যাপ্টেন স্মিত শেষ পর্যন্ত সহ-পাইলটকে আটকাতে সক্ষম হন। পরে যাত্রীরাও তাঁকে ককপিট থেকে বের করতে সাহায্য করেন। ওই বিমানে ১৮৪ জন যাত্রী ছিলেন। ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছিল।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার ফ্রাঙ্কফুর্ট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানকে ঘিরে ছিনতাইয়ের আশঙ্কা ছড়ানোয় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে জয়পুরের ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই এখন নজর।


Share