Ahmedabad Fire

আহমেদাবাদে আইটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ কর্মীদের! চিকিৎসাধীন ন’জন

আহমেদাবাদের আইটি ভবনে ভয়াবহ আগুনে প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ কর্মীদের, আহত ন’জন হাসপাতালে চিকিৎসাধীন, দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

আহমেদাবাদের বহুতলে আগুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১২:৪১

গুজরাটের আহমেদাবাদে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ছড়াল তীব্র আতঙ্ক। আচমকা আগুন লাগার পর মুহূর্তের মধ্যে গোটা ভবন ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। ভিতরে আটকে পড়েন অন্তত ৪০ জন কর্মী। আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার হাত থেকে প্রাণ বাঁচাতে কয়েকজন কর্মী বহুতলের উপর থেকে নীচে ঝাঁপ দেন। ঘটনায় আহত ন’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

সোমবার রাত প্রায় ৯টা নাগাদ আহমেদাবাদের থালতেজ এলাকার ম্যাগনেট কর্পোরেট পার্কের একটি পাঁচতলা আইটি ভবনে আগুন লাগে। প্রাথমিক ভাবে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে তৃতীয় তলাতেও। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন ভবনের ভিতরে থাকা কর্মীরা। চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় অনেকের পক্ষেই স্বাভাবিক পথে বাইরে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, কয়েকজন কর্মী প্রাণ বাঁচাতে বহুতল থেকে নীচে ঝাঁপ দেন। দমকল পৌঁছনোর আগেই অনেকে কোনও মতে ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছোয়। তার পরেই আগুন নেভানোর পাশাপাশি ভিতরে আটকে পড়া কর্মীদের উদ্ধারকাজ শুরু হয়। দমকলকর্মীদের তৎপরতায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের বেশ কিছু ভিডিয়োও সামনে এসেছে। সেখানে কর্মীদের প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা এবং উদ্ধারকাজের ছবি দেখা গিয়েছে।

আহত ন’জনকে নিকটবর্তী জাইডাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্য দিকে, দমকলের দায়িত্বপ্রাপ্ত চিফ ফায়ার অফিসার জয়েশ খাডিয়া জানিয়েছেন, প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।


Share