Accident

লোনাভেলা থেকে ফেরার পথে দুর্ঘটনা, পানভেলে প্রাণ গেল বম্বে আইআইটির তিন পড়ুয়ার

বম্বে আইআইটি-এর পড়ুয়ারা জানিয়েছেন, শ্রেয়াংশ ক্যাম্পাসে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারির দায়িত্বেও ছিলেন। ওমকুমার এবং লয়া-ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মুম্বই
  • শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৬:০৪

মুম্বইয়ের কাছের পানভেল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বম্বে আইআইটি-এর তিন ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে লোনাভেলায় সূর্যোদয় দেখে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি চালাচ্ছিলেন ছাত্রদেরই একজন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি সামনে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়পুরের বাসিন্দা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র শ্রেয়াংশ শর্মা, নাসিকের বাসিন্দা এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ওমকুমার বোরসে এবং নাগপুরের বাসিন্দা ফিজিক্সের তৃতীয় বর্ষের পড়ুয়া লয়া দেশভরতার। গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন ওমকুমার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতভর সিনেমা দেখার পর কয়েক জন পড়ুয়া ঠিক করেন ভোরে লোনাভেলায় সূর্যোদয় দেখতে যাবেন। তিনটি গাড়িতে ভাগ হয়ে তাঁরা রওনা দেন। হিতেশ, সোহম এবং সিদ্ধান্ত নামে তিন ছাত্র পুলিশকে জানিয়েছেন, ওমকুমার, শ্রেয়াংশ ও লয়া একই গাড়িতে ছিলেন এবং সেই গাড়িটি চালাচ্ছিলেন ওমকুমার। তাঁদের গাড়ির পিছনেই চলছিল বাকি দু’টি গাড়ি। ফেরার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়িটি।

বম্বে আইআইটি-এর পড়ুয়ারা জানিয়েছেন, শ্রেয়াংশ ক্যাম্পাসে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারির দায়িত্বেও ছিলেন। ওমকুমার এবং লয়া-ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, কারণ রাস্তা রক্ষণাবেক্ষণকারী সংস্থার দাবি ক্যামেরাগুলি সেই সময় বিকল ছিল।

পুলিশ জানিয়েছে, কী কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারাল, তিন জন সিটবেল্ট পরে ছিলেন কি না, এয়ারব্যাগ সঠিকভাবে কাজ করেছিল কি না সবই তদন্ত করে দেখা হবে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে তাঁরা কোনও নেশাজাতীয় পদার্থ গ্রহণ করেছিলেন কি না।


Share