Accident

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট নীচে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৮, বাড়ছে মৃতের সংখ্যা

দুর্ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েক জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, রাজস্থান
  • শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১০:২৬

রাজস্থানে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি মিনিবাস রাস্তা থেকে ছিটকে পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে। দুর্ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েক জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকালে রাজস্থানের কোটা জেলার সিমলিয়া থানা এলাকার কাড়াডিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর ৬টা নাগাদ দিল্লি থেকে মুম্বইগামী মিনিবাসটিতে ২৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। কাড়াডিয়ার কাছে পৌঁছোতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর প্রায় ১৫ ফুট নীচে জল ও কাদায় ভরা নয়ানজুলিতে গিয়ে আছড়ে পড়ে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জনের।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

তবে নয়ানজুলিতে জল ও অতিরিক্ত কাদা থাকায় উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। পরে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে নয়ানজুলি থেকে টেনে তোলা হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share