Death

চারধামে রেকর্ড ভিড়! তিন মাসে ৩৭ লক্ষ পুণ্যার্থী, উদ্বেগ বাড়াচ্ছে ১৯৮ জনের মৃত্যুর ঘটনা

চারধামের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কেদারনাথে, যেখানে প্রাণ হারিয়েছেন ৯৫ জন। বদ্রীনাথে মৃত্যু হয়েছে ৫৯ জনের, যমুনোত্রীতে ২৬ জনের এবং গঙ্গোত্রীতে ১৮ জনের।

কেদারনাথ মন্দির।
নিজস্ব সংবাদদাতা, কেদারনাথ
  • শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০২:০৭

চারধাম যাত্রা শুরু হওয়ার পর থেকেই উত্তরাখণ্ডে পুণ্যার্থীদের ভিড় রেকর্ড ছুঁয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে ১৮ জুন পর্যন্ত ‘দেবভূমি’তে আগত পুণ্যার্থীর সংখ্যা ৩৭ লক্ষের গণ্ডি পেরিয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। তবে বিপুল ভিড়ের পাশাপাশি উদ্বেগ বাড়িয়েছে মৃত্যুর ঘটনাও। প্রশাসনের তথ্য অনুযায়ী, গত তিন মাসে চারধাম যাত্রাকালে ১৯৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

সরকারি হিসাব বলছে, মৃতদের মধ্যে ১৯৫ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন স্বাস্থ্যজনিত কারণে। বাকি তিন জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। চারধামের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কেদারনাথে, যেখানে প্রাণ হারিয়েছেন ৯৫ জন। বদ্রীনাথে মৃত্যু হয়েছে ৫৯ জনের, যমুনোত্রীতে ২৬ জনের এবং গঙ্গোত্রীতে ১৮ জনের।

চিকিৎসকদের মতে, উচ্চ পার্বত্য এলাকায় অক্সিজেনের ঘাটতি, দীর্ঘ ও কঠিন পাহাড়ি পথ অতিক্রমের চাপ এবং পূর্ববর্তী শারীরিক সমস্যার কারণে বহু পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষত হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট বা অন্যান্য জটিল রোগে আক্রান্তদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই যাত্রার আগে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর জোর দিচ্ছে প্রশাসন।

উল্লেখ্য, প্রতি বছর এপ্রিল বা মে মাসে চারধামের দ্বার খুলে দেওয়া হয় এবং শীতের আগমনের আগে অক্টোবর বা নভেম্বর মাসে তা বন্ধ হয়ে যায়। প্রচলিত নিয়ম অনুযায়ী, যাত্রাপথ শুরু হয় যমুনোত্রী থেকে। এরপর গঙ্গোত্রী, কেদারনাথ এবং সবশেষে বদ্রীনাথ দর্শন করা হয়।

এ বছরের পরিসংখ্যান অনুযায়ী, চারধামের মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয়েছে কেদারনাথে। সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন প্রায় সাড়ে ১২ লক্ষ পুণ্যার্থী। বদ্রীনাথে গিয়েছেন প্রায় সাড়ে ১১ লক্ষ মানুষ। গঙ্গোত্রীতে দর্শনার্থীর সংখ্যা ৬.১৭ লক্ষ এবং যমুনোত্রীতে প্রায় ছ'লক্ষ। পাশাপাশি হেমকুণ্ড সাহিবেও এক লক্ষের বেশি ভক্ত ও পুণ্যার্থী দর্শনে গিয়েছেন।


Share