Shoot Out

উত্তরপ্রদেশে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে মৃত্যু মহম্মদ শরিফের, ১৮ বছর আগে সিআরপিএফ ক‍্যাম্পে ইসলামিক জঙ্গি হামলার ঘটনার অভিযুক্ত ছিল

কী কারণে মহম্মদ শরিফের ওপরে হামলা হল তা এখনও স্পষ্ট নয়। মহম্মদ শরিফ রামপুরের বদনপুরী-খাজুরিয়া গ্রামের বাসিন্দা। রামপুর পুলিশ মামলা দায়ের করেছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত বন্দুকবাজের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

মৃতের নাম মহম্মদ শরিফ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ১১:৩৯

উত্তরপ্রদেশের অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল মহম্মদ শরিফের। গত ১৮ বছর আগে সিআরপিএফ ক‍্যাম্পে জঙ্গি হামলার ঘটনায় অন‍্যতম অভিযুক্ত ছিল মহম্মদ শরিফ। গত বছর মহম্মদ শরিফের জনমুক্তি হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার উত্তরপ্রদেশের রামপুরে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, হামলাকারী মহম্মদ শরিফকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। ১৬ রাউন্ড গুলি চালানো হয়েছে দাবি করা হয়েছে। মহম্মদ শরিফের মাথায় গুলি এসে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শরিফ। গুলিবিদ্ধ অবস্থায় মহম্মদ শরিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে।

কী কারণে মহম্মদ শরিফের ওপরে হামলা হল তা এখনও স্পষ্ট নয়। মহম্মদ শরিফ রামপুরের বদনপুরী-খাজুরিয়া গ্রামের বাসিন্দা। রামপুর পুলিশ মামলা দায়ের করেছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত বন্দুকবাজের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের ৩১ ডিসেম্বর রাতে রামপুরের  সিআরপিএফ গ্রুপ সেন্টারে ইসলামিক জঙ্গি হামলার ঘটনা ঘটে। ২০০৮ সালের ১ জানুয়ারির ভোর পর্যন্ত গোলাগুলি চলে। ঘটনার দায় স্বীকার করেছিল পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। ঘটনায় সাতজন সিআরপিএফ জওয়ান এবং এক রিকশাচালকের মৃত্যু হয়েছিল। পাঁচজন ঘটনায় জখম হয়েছিল। 

সিআরপিএফ গ্রুপ সেন্টারে ইসলামিক জঙ্গি হামলার ঘটনায় শরিফ-সহ আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়। বাকি চারজন হল— সাবাউদ্দিন, ইমরান শাহজাদ এবং মহম্মদ ফারুক এবং জং বাহাদুর খান। মহম্মদ শরিফ, সাবাউদ্দিন, ইমরান শাহজাদ এবং মহম্মদ ফারুকে নিম্ন আদালত মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। অন‍্য দিকে, জং বাহাদুর খানকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তাদের মধ্যে দু’জন পাকিস্তানের নাগরিক ছিল। গত ২০১৯ সালে খুন, সন্ত্রাসবাদ এবং ষড়যন্ত্রের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

নিম্ন আদালতের রায় চ‍্যালেঞ্জ করে অভিযুক্তরা এলাহাবাদ হাইকোর্টে আবেদন করে। সওয়াল-জবাব শেষে ২০২৫ সালের ২৯ অক্টোবর এলহাবাদ হাই কোর্ট নিম্ন আদালতের রায় খারিজ করে দেয়। ঘটনায় পুলিশের তদন্তে গাফিলতির ছিল বলে এলহাবাদ হাই কোর্টের পর্যবেক্ষণে উল্লেখ করেছিল। আদালতের বক্তব্য ছিল, অভিযুক্তদের শনাক্তকরণের জন্য টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড করানো হয়নি। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং গ্রেনেড যথাযথ ভাবে সংরক্ষণ করা হয়নি। হাই কোর্ট এ-ও বলেছিল, বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর হেফাজত ও স্থানান্তরের ধারাবাহিক নথি সংরক্ষণেও গাফিলতির রয়েছে। এমনকী, প্রমাণ সংরক্ষণ ও স্থানান্তরের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ সাক্ষীদেরও আদালতে জিজ্ঞাসাবাদ করা হয়নি।

এই পর্যবেক্ষণ দেওয়ার পরে মহম্মদ শরিফ-সহ পাঁচ জনকে খুন, সন্ত্রাসবাদ এবং ষড়যন্ত্রের অভিযোগ থেকে বেকসুর খালাস করে দেয় এলহাবাদ হাই কোর্ট। তবে অস্ত্র আইনের ২৫(১-এ) ধারায় পাঁচ জনকেই দোষী সাব্যস্ত করা হয়। ওই ধারায় তাঁদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেইসঙ্গে এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়।

হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল উত্তরপ্রদেশ সরকার। ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে মামলাটির শুনানিতে সম্মতি জানায় শীর্ষ আদালত। অভিযুক্তদের কাছে নোটিসও পাঠানো হয়েছিল। চার জনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খারিজ করে হাই কোর্ট যে রায় দিয়েছিল, তাকেই চ্যালেঞ্জ জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার।

এলহাবাদ হাই কোর্টের রায়ের পর ২০২৫ সালের নভেম্বর মাসে বরেলি সেন্ট্রাল জেল থেকে মুক্তি পায় মহম্মদ শরিফ। সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে। জেল থেকে মুক্তি পাওয়ার প্রায় এক বছর পর, ১০ নভেম্বর অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে মৃত্যু হল মহম্মদ শরিফের।


Share