RSS Worker Murder Case

RSS স্বয়ংসেবক রঞ্জিত হত্যা মামলায় বড় রায় আদালতের, ১৮ বছর পর ১১ সিপিএম কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড

২০০৮ সালের ১ এপ্রিল তিরুবনন্তপুরমের পাসপোর্ট অফিসের সামনে ভাঞ্ছিয়ুর বিষ্ণু নামে এক হার্মাদ খুন হয়েছিল। সেই হত্যাকাণ্ডের মামলায় রঞ্জিতও অভিযুক্ত ছিলেন। সরকারি পক্ষের অভিযোগ, বিষ্ণু হত্যার প্রতিশোধ নিতেই রঞ্জিতকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল।

RSS-এর স্বয়ংসেবক রঞ্জিত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ১২:০৫

দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াইয়ের অবসান। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদস্য রঞ্জিত হত্যা মামলায় ১১ জন CPM কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তিরুবনন্তপুরমের অতিরিক্ত দায়রা আদালত।

২০০৮ সালের এই রাজনৈতিক হত্যাকাণ্ডের মামলায় গত মঙ্গলবার, ১৭ নভেম্বর ১১ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। বুধবার, ১৮ নভেম্বর তাদের সাজা ঘোষণা করা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার প্রথম অভিযুক্ত অম্বালামুক্কু কৃষ্ণকুমার এবং একাদশ অভিযুক্ত গোপালন সুরেশকে দুটি পৃথক ধারায় দু’বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি নয় অভিযুক্তকেও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। তবে দুটি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা একসঙ্গে কার্যকর হবে। প্রত্যেক দোষীকে ৯৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে বলে পিটিআই সূত্রে খবর।


কী ঘটেছিল ২০০৮ সালে?

ঘটনাটি ২০০৮ সালের ১৭ অক্টোবরের। কেরলের তিরুবনন্তপুরমের মান্নানথালার কোট্টামুক্কালে নিজের ফল ও সব্জির দোকান ‘বিনায়কা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস’-এ ছিলেন ‘স্বয়ংসেবক’ রঞ্জিত। ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিট নাগাদ একদল দুষ্কৃতী গাড়ি ও মোটরসাইকেলে এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তদন্তকারী সংস্থা ও সরকারি পক্ষের আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ ছিল।

২০০৮ সালের ১ এপ্রিল তিরুবনন্তপুরমের পাসপোর্ট অফিসের সামনে ভাঞ্ছিয়ুর বিষ্ণু নামে এক হার্মাদ খুন হয়েছিল। সেই হত্যাকাণ্ডের মামলায় রঞ্জিতও অভিযুক্ত ছিলেন। সরকারি পক্ষের অভিযোগ, বিষ্ণু হত্যার প্রতিশোধ নিতেই রঞ্জিতকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল।


দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ

মামলায় মোট ১২ জন অভিযুক্ত ছিল। তাঁদের মধ্যে দ্বিতীয় অভিযুক্ত ভেল্লি নারায়ণন পলাতক থাকায় তাঁর বিচার হয়নি। বাকি ১১ জনের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলে। সরকারি পক্ষের তরফে ৪১ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। পাশাপাশি ৯৬টি প্রমাণ এবং ১৫৫টি নথি খতিয়ে দেখা হয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিচার চলাকালীন কয়েকজন সাক্ষী, এমনকি কিছু পুলিশকর্মীর সাক্ষ্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগও সামনে আসে। রঞ্জিতের পরিবারের আবেদনের পর বিশেষ সরকারি কৌঁসুলি নিয়োগের বিষয়টি নিয়েও আইনি পদক্ষেপ হয়েছিল। কেরল হাইকোর্টের হস্তক্ষেপের পর বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়।

প্রায় ১৮ বছর পর এই মামলায় ১১ জনের সাজা ঘোষণা কেরলের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার শেষে আদালতের এই রায় নিহত রঞ্জিতের পরিবারের আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।


Share