Huge Drug Seized

আমেরিকায় বসে পঞ্জাবে মাদক ও অস্ত্র পাচার সিন্ডিকেট চালানোর অভিযোগ! ১২ কেজি হেরোইন সমেত গ্রেফতার পাচারকারী, সাংবাদিক বৈঠক করে দাবি পুলিশকর্তার

ধৃতের নাম প্রভদীপ সিংহ ওরফে প্রভ (২২)। প্রভদীপ সদর নাকোদর থানার অন্তর্গত আওয়ান চুহারমি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। হেরোইন ও পিস্তল ছাড়াও তার কাছ থেকে পাঁচটি কার্তুজ, একটি আইফোন এবং একটি আইপ্যাড বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি তার কাছে থাকা মহিন্দ্রা বোলেরো গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ কর্তা হরকমলপ্রীত খাখ।
নিজস্ব সংবাদদাতা, পঞ্জাব
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ১২:৫৬

আমেরিকায় বসে মাদক ও অস্ত্র পাচারের সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠল। বিপুল পরিমাণ হেরোইন সমেত এক যুবককে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই চক্রের হদিশ মিলেছে বলে পঞ্জাব পুলিশ জানিয়েছে। জলন্ধর গ্রামীণ পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে ১২ কেজি হেরোইন, চারটি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। 

ধৃতের নাম প্রভদীপ সিংহ ওরফে প্রভ (২২)। প্রভদীপ সদর নাকোদর থানার অন্তর্গত আওয়ান চুহারমি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। হেরোইন ও পিস্তল ছাড়াও তার কাছ থেকে পাঁচটি কার্তুজ, একটি আইফোন এবং একটি আইপ্যাড বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি তার কাছে থাকা মহিন্দ্রা বোলেরো গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

জেলার সিনিয়র পুলিশ সুপার হরকমলপ্রীত সিংহ খাখ জানান, জেরায় অভিযুক্ত স্বীকার করেছে— নভজ্যোত সিংহ ওরফে গ্যারির নির্দেশে এই মাদক ও অস্ত্রের পাচার করে প্রভদীপ। গ্যারি কপূরথলার কালা সাংঘিয়ানের কাছে নওয়ান পিন্দের বাসিন্দা। বর্তমানে নভজ্যোত সিংহ ওরফে গ্যারি আমেরিকায় রয়েছে। ওই চালানে মোট ১৪ কেজি হেরোইন এবং ছ’টি পিস্তল ছিল। তবে এখনও পর্যন্ত ১২ কেজি হেরোইন ও চারটি পিস্তল উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সরঞ্জামের সন্ধান পেতে তল্লাশি শুরু হয়েছে। 

গত ২৬ নভেম্বর চাক ভেন্ডাল গ্রামের বাসিন্দারা দু’কেজি হেরোইন ও পিস্তল-সহ অভিযুক্ত প্রভদীপকে ধরে ফেলেন। তাঁরাই পুলিশকে খবর দেন। এর জন্য গ্রামবাসীদের সাহসিকতার প্রশংসা করে সিনিয়র পুলিশ সুপার। তিনি বলেন, “গ্রামবাসীদের সতর্কতার কারণে বহু তরুণের জীবন এবং পরিবার মাদকাসক্তির ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে।”

গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ইন্সপেক্টর পুষ্প বালির নেতৃত্বে জলন্ধর গ্রামীণ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। তল্লাশিতে দু’কেজি হেরোইন, চারটি পিস্তল (তার মধ্যে দু’টি গ্লক এবং দু’টি চিনা পিস্তল), দু‍’টি ম্যাগাজিন এবং পাঁচটি কার্তুজ উদ্ধার হয়। 

প্রভদীপকে জেরার সময় বাকি হেরোইন কোথায় লুকিয়ে রাখা হয়েছে তার সন্ধান মেলে। অভিযুক্তকে সঙ্গে নিয়ে পুলিশ প্রভদীপের বাড়িতে যায়। সেখানে জ্বালানি কাঠের স্তূপের নীচে লুকিয়ে রাখা আরও ১০ কেজি হেরোইনের সন্ধান মেলে। পুলিশ সুপার এবং ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে এই অভিযান হয় বলে জানিয়েছেন ওই পুলিশ কর্তা। 

সিনিয়র পুলিশ সুপার আরও জানান, এখনও পর্যন্ত তদন্তে এই মামলায় আরও তিন জনের নাম উঠে এসেছে। তারা হল নভজ্যোত সিংহ ওরফে গ্যারি (বর্তমানে আমেরিকায় রয়েছে), চাক ভেন্ডালের বাসিন্দা মনজোতবীর সিংহ ওরফে কালা এবং নাকোদরের বাসিন্দা সৌরভ। তাদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

ধৃতকে আদালতে হাজির করানো হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বাকি দুই কেজি হেরোইন ও দুটি পিস্তল কোথায় রাখা হয়েছে তার খোঁজ শুরু হয়েছে। মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত সম্পত্তি আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় সদর নাকোদর থানায় মাদক আইনের ২১, ৬১ ও ৮৫ নম্বর ধারা এবং অস্ত্র আইনের ২৫, ৫৪ ও ৫৯ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মাদক আইনের ২১(C) ও ২৯ নম্বর ধারা এবং অস্ত্র আইনের ২৫(১)(বি)(এ), ২৫(৬) ও ২৫(৮) নম্বর ধারাও যুক্ত করা হয়েছে। 


Share