Yemen Indian Sailors

ইয়েমেনে দু’সপ্তাহেরও বেশি সময় আটকে ১৯ ভারতীয় নাবিক! নিরাপদে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু, স্বস্তিতে পরিবার

ইয়েমেনে দু’সপ্তাহেরও বেশি সময় আটকে থাকার পর ১৯ ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে অবশেষে।

ইয়েমেনে আটকে পড়া ভারতীয়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ১২:২৯

ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে লোহিত সাগরে নৌকাডুবির ঘটনায় আটকে পড়েছিলেন ১৯ জন ভারতীয় নাবিক। অবশেষে তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার ইয়েমেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক্স (সাবেক টুইটার) পোস্ট করে এই খবর জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে বিদেশের মাটিতে আটকে থাকার পর দেশে ফেরার পথ খুলে যাওয়ায় স্বস্তি ফিরেছে তাঁদের পরিবারগুলির মধ্যে।

ভারতীয় দূতাবাসের এক্স পোস্ট অনুযায়ী, ওই ১৯ জন নাবিক ইয়েমেনের হোদেইদাহ এবং সানা শহরে আটকে ছিলেন। ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে চলতে থাকা সংঘাতের আবহে লোহিত সাগরে তাঁদের নিয়ে যাওয়া একটি নৌকা ডুবে যায়। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করা হলেও ইয়েমেনেই আটকে থাকতে হয়। দু’সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁরা সেখানে ছিলেন। অবশেষে রবিবার তাঁদের নিরাপদে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই কাজে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় দূতাবাস।

ঘটনার সূত্রপাত গত ২৩ অক্টোবর। জানা গিয়েছে, ভারতীয় নাবিকদের নিয়ে যাওয়া একটি জাহাজ ইয়েমেনের হোদেইদাহ শহরের কাছে হামলার মুখে পড়ে। হুথি মুখপাত্র ইয়াহা সারি দাবি করেছিলেন, ইউগার দ্বীপের কাছে লোহিত সাগরে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাঁর বক্তব্য অনুযায়ী, হুথি বাহিনীই ওই নাবিকদের উদ্ধার করেছিল।

এদিকে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে সংঘাতের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। কয়েক দিন আগেই ইয়েমেন থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। পাল্টা ইয়েমেনের একাধিক জায়গায় হামলা চালানোর অভিযোগ উঠেছে সৌদি বাহিনীর বিরুদ্ধে।

এই উত্তেজনার মধ্যেই ১৯ ভারতীয় নাবিককে দেশে ফেরানোর উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে তাঁদের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হলেও কবে তাঁরা সম্পূর্ণভাবে দেশে ফিরতে পারবেন, তা এখনও স্পষ্ট নয়।


Share