China President

‘শান্তিপূর্ণ সহাবস্থানেই লাভ’, ট্রাম্পের সঙ্গে বৈঠকে আমেরিকা-চিন সম্পর্ক নিয়ে বড় বার্তা শি জিনপিংয়ের

অন্য দিকে, শি বলেন, চিন ও আমেরিকার প্রয়োজন শান্তিপূর্ণ সহাবস্থান। তাঁর কথায়, দুই দেশের জনগণের স্বার্থেই বন্ধুত্ব বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং (ডান দিকে)।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০

দিল্লিতে ব্রিক্‌স সম্মেলনে যোগ দেওয়ার পর এ বার আমেরিকা সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার হোয়াইট হাউসে তাঁকে স্বাগত জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যেমন দুই দেশ এক হয়ে কাজ করেছিল, তেমন ভাবেই আমি ও শি এক সঙ্গে কাজ করব।’’ তাঁর দাবি, আমেরিকা ও চিনের ‘দারুণ বন্ধুত্ব’-এর ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা এবং দুই দেশের নাগরিকদের স্বার্থ। অন্য দিকে, শি বলেন, চিন ও আমেরিকার প্রয়োজন শান্তিপূর্ণ সহাবস্থান। তাঁর কথায়, দুই দেশের জনগণের স্বার্থেই বন্ধুত্ব বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

শি আরও বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের দুই ‘প্রধান’ দেশই লাভবান হবে, কিন্তু সংঘাত হলে দু’দেশই ক্ষতিগ্রস্ত হবে। শি বার্তা দেন, দুই দেশের জনগণের স্বার্থে চিন ও আমেরিকার বন্ধুত্ব অব্যাহত রাখা ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর। তিনি আরও বলেন, ‘‘শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ‘প্রধান’ দুই দেশ- চিন ও আমেরিকা লাভবান হবে কিন্তু সংঘাত হলে দু’টি দেশই ক্ষতিগ্রস্ত হবে।’’ শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তিনটি পদক্ষেপের কথাও উল্লেখ করেন শি—প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করা, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে নিয়মিত আলোচনা চালু রাখা এবং সঙ্কটের সময়ে দ্রুত যোগাযোগের ব্যবস্থা আরও শক্তিশালী করা।

যুদ্ধ নয়, বরং ‘সুস্থ ও পরিমিত’ প্রতিযোগিতার পক্ষে সওয়াল করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার তাঁর বক্তব্যে উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আমেরিকা ও চিনের দায়িত্বের প্রসঙ্গও। শি-র মতে, এআই প্রযুক্তিকে মানুষের নিয়ন্ত্রণের মধ্যে রেখেই তা জনকল্যাণে ব্যবহার করা উচিত।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিউইউয়ানকে স্বাগত জানান। চিনা প্রেসিডেন্ট দম্পতিকে অভ্যর্থনা জানায় আমেরিকার সামরিক ব্যান্ড। ট্রাম্পের যাতায়াতের জন্য ব্যবহৃত কালো রঙের গাড়ির আদলে তৈরি একই রঙের একটি গাড়িতে চড়েই হোয়াইট হাউসে পৌঁছোন শি ও তাঁর স্ত্রী। গাড়িটি অবশ্য ছিল ট্রাম্পের ব্যবহৃত গাড়ির চিনা সংস্করণ।


Share