Middle East Conflict

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি! শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধজাহাজে বিস্ফোরণ, সাবমেরিন দিয়ে গুঁড়িয়ে আমেরিকা, অন্তত ৮৭ জনের মৃত্যু

আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সাংবাদিকদের জানিয়েছে যে, একটি আমেরিকার সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে। একটি টরপেডোর সাহায্যে ইরানের যুদ্ধবিমান ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইরানের আইআরআইএস দেনা ধ্বংস করল আমেরিকা।
নিজস্ব সংবাদদাতা, ইরান
  • শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১০:১৮

 আমেরিকা ও ইজরায়েলের অভিযানে বিধ্বস্ত ইরান। মধ‍্যপ্রাচ‍্যের যুদ্ধের আঁচ পড়ল ভারত মহাসাগরে। এ বার ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজ গুঁড়িয়ে দিয়েছে আমেরিকা। আমেরিকার নৌবাহিনী সাবমেরিন থেকে টরপেডো দিয়ে অভিযান চালিয়েছে। পেন্টাগন এই অভিযানের খবর নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঘটনায় অন্তত ৮৭ জন নিহত হয়েছে।

জানা গিয়েছে, ইরানের যুদ্ধজাহাজের নাম ‘আইআরআইএস দেনা’। সেটি সম্পূর্ণ ডুবে গিয়েছে বলে দাবি করা হয়েছে। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, আমেরিকাই ওই যুদ্ধজাহাজে অভিযান চালিয়েছে। আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সাংবাদিকদের জানিয়েছে যে, একটি আমেরিকার সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে। একটি টরপেডোর সাহায্যে ইরানের যুদ্ধবিমান ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রতিরক্ষা সচিব হেগসেথ এই আক্রমণকে ‘নীরব মৃত্যু’ বলে আখ্যায়িত করেছেন। তিনি জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম শত্রুপক্ষের কোনও জাহাজ টরপেডো দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনেই হেগসেথ জানিয়েছেন, ওই যুদ্ধের মতোই এ বারও তাঁরা জয়ের জন্য লড়াই করছেন।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর, ঘটনায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা ৩০ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে। তাঁরা ইরানের যুদ্ধবিমান আইআরআইএস দেনা- তে ছিলেন। ১৪৮ জন নিখোঁজ বলেও জানিয়েছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। তবে আর কাউকে খুঁজে পাওয়া যাবে কিনা, সেই ব্যাপারে আশা যথেষ্ট ক্ষীণ বলেও জানানো হয়েছে শ্রীলঙ্কার তরফে।

গত শনিবার থেকে ইরানের বিরুদ্ধে একযোগে অভিযান চালাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল। ইরানের স্বৈরশাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে। পেন্টাগন জানিয়েছে, ইরানের নৌবহর ধ্বংস করা তাদের অন্যতম লক্ষ্য। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ মনে করেছিল তারা নিরাপদ। কিন্তু টরপেডোর সাহায্যে তা ডুবিয়ে দেওয়া হয়েছে। ভারত থেকেই মহড়া সেরে ইরানের ওই রণতরী ফিরছিল। সেই সময়েই ভারত মহাসাগরের বুকে শ্রীলঙ্কা দক্ষিণ উপকূলে আমেরিকার সাবমেরিন ইরানের ওই যুদ্ধজাহাজটিকে ডুবিয়ে দিয়েছে।


Share