Middle East Conflict

মক্কার আকাশে হামলার সতর্কতা, সৌদির দাবি হুথির ড্রোন প্রতিহত, পর পর ক্ষেপণাস্ত্র-হামলায় বাড়ছে পশ্চিম এশিয়ার উত্তেজনা

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কার কাছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর পরেই মক্কায় আকাশপথে হামলার সতর্কতা জারি করা হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ইয়মেন
  • শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪১

ইয়েমেন থেকে সৌদি আরবের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি ড্রোন হামলাও চালানো হচ্ছে বলে দাবি করেছে রিয়াধ। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কার কাছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর পরেই মক্কায় আকাশপথে হামলার সতর্কতা জারি করা হয়। ইতিহাসে এই প্রথম মক্কায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হল বলে জানিয়েছে সৌদি প্রশাসন।

সাম্প্রতিক কয়েক দিনে বার বার হুথিদের নিশানায় এসেছে সৌদি আরব। গত ৮ সেপ্টেম্বর দক্ষিণ সৌদির আভা, খামিস মুশাইত, জাজান এবং নাজরান—এই চারটি এলাকায় হামলা চালানো হয়। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ‘ফিদায়েঁ’ ড্রোনে ওই এলাকাগুলিতে ব্যাপক আতঙ্ক ছড়ায়। হামলায় একাধিক বেসামরিক আর্থিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি তৈলক্ষেত্রেও আগুন ধরে যায়। ঘটনায় মহিলা ও শিশু-সহ মোট ৭৩ জন সাধারণ নাগরিক আহত হন বলে দাবি সৌদির। এর পর মঙ্গলবারও হুথিদের হামলায় ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রিয়াধ। পর পর হামলার জেরে মক্কার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় কর্তৃপক্ষ মক্কায় আকাশপথে হামলার সতর্কতা জারি করেছে।

সৌদির প্রতিরক্ষা দফতরের তরফে সতর্কতা জারি করে জানানো হয়েছে, ‘‘নিরাপত্তার জন্য নির্দেশিকা মেনে চলুন। জনসমাগম থেকে আপাতত দূরে থাকুন।’’ তবে একই সঙ্গে এ-ও বার্তা দেওয়া হয়েছে, মক্কায় ‘বিপদ কেটে’ গিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ সতর্কতা হিসেবে নির্দেশিকা মেনে চলার বার্তা দিয়েছেন।

হুথিদের বিরুদ্ধে মক্কার কাছে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে। সৌদি আরবের দাবি, হুথিরাই ওই হামলা চালিয়েছে। তবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি সেই অভিযোগ সরাসরি খারিজ করেছে। হুথিদের দাবি, তারা কখনওই মক্কাকে লক্ষ্য করে হামলা চালায়নি।

হুথি নেতা হাজেম আল-আসাদ বলেন, মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ বার বার করা হচ্ছে। কিন্তু সেই দাবি সম্পূর্ণ অসত্য। তাঁর দাবি, এই সব বলে আর মানুষকে বোকা বানানো যাবে না। একই সঙ্গে হুথির পাল্টা দাবি, তারা সৌদি আরবের একটি যুদ্ধবিমানও ভূপাতিত করেছে। যদিও এই দাবি নিয়ে এখনও পর্যন্ত সৌদি আরবের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সৌদি সেনাবাহিনীর সঙ্গে হুথিদের সংঘাত চলছে। সময়ের সঙ্গে সেই সংঘর্ষ আরও তীব্র হয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে হুথি সমুদ্রপথে অবরোধের ঘোষণাও করেছে। এর জেরে পশ্চিম এশিয়ার পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এ দিকে, হুথিদের হামলার নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একটি পোস্টে তিনি বলেন, ‘‘সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সর্বদা সৌদি আরবের পাশে রয়েছে।’’একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংযম বজায় রাখার বার্তাও তিনি দিয়েছেন। অন্য দিকে, পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা ছড়ানোয় সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে আমেরিকার নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশ। একই সঙ্গে ইয়েমেনে ভ্রমণ না করার জন্যও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তরফে পরামর্শ দেওয়া হয়েছে।


Share