Accident

ভিয়েতনামে ভারতীয় পর্যটক বোঝাই স্পিডবোট উল্টে মৃত্যু ১৫ জনের, ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ

শেষ পাওয়া খবর অনুযায়ী, নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশির ভাগই ভারতীয় পর্যটক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ভিয়েতনামে চলছে উদ্ধারকাজ।
নিজস্ব সংবাদদাতা, ভিয়েতনাম
  • শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ০৪:৫১

ভিয়েতনামের একটি দ্বীপের কাছে যাত্রীবোঝাই একটি পর্যটক নৌকা উল্টে গেল। নৌকাটিতে থাকা যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন ভারতীয় পর্যটক। দুর্ঘটনার পরই নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে ডুবুরিদেরও নামানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশির ভাগই ভারতীয় পর্যটক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের ফু খোয়া দ্বীপের কাছে। স্থানীয় কর্তৃপক্ষের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নৌকাটি হন মে রুট থেকে পর্যটকদের নিয়ে আন থোই বন্দরে যাচ্ছিল। দুপুর একটা (স্থানীয় সময়) নাগাদ নৌকাটি ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে। নৌকা উল্টে যেতেই সকল যাত্রী সমুদ্রে তলিয়ে যান। কেউ কেউ সাঁতার কেটে বাঁচার চেষ্টা করেন।

বিষয়টি সামনে আসতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজর রাখছে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং চার জন নাবিক ছিলেন।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁরা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদ্ধারকাজ ও সংশ্লিষ্ট তথ্য দ্রুত ভারতীয় যাত্রীদের পরিবারের কাছে পৌঁছে দিতে বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। পাশাপাশি হো চি মিন সিটিতে একটি সহায়তা কেন্দ্রও খোলা হয়েছে। দূতাবাসের কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরগুলি হল— +৮৪৯১৫৫২৩৭, +৮৪৩৬২৮১৭৯৩০, +৮৪৯১৫৫২৩৭।

উল্লেখ্য, ঠিক এক বছর আগে, ২০২৫ সালের জুলাই মাসে ভিয়েতনামের হা লং উপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি পর্যটকবাহী নৌকা উল্টে গিয়েছিল। নৌকাটিতে ২০ জন শিশু-সহ মোট ৪৮ জন যাত্রী ছিলেন। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩৮ জন।


Share