Middle East Conflict

সমঝোতা ভেঙে ফের যুদ্ধের আগুন! হরমুজে আমেরিকার জোড়া হামলা, পাল্টা বাহরিন-কুয়েত-জর্ডনে আমেরিকার ঘাঁটিতে আঘাতের দাবি ইরানের

বুধবার হরমুজ উপকূল সংলগ্ন ইরানের একাধিক সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় আমেরিকার বাহিনী।

হরমুজ প্রণালী।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১২:২৫

সমঝোতার পথ ছেড়ে ফের মুখোমুখি সংঘাতে জড়িয়েছে আমেরিকা ও ইরান। উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ় প্রণালী। বুধবার হরমুজ উপকূল সংলগ্ন ইরানের একাধিক সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় আমেরিকার বাহিনী। প্রথম হামলার প্রায় ন'ঘণ্টা পর ফের দ্বিতীয় দফার আঘাত হানার কথা জানিয়েছে আমেরিকার সেনার সেন্ট্রাল কমান্ড।

আমেরিকার জোড়া হামলার পর এ বার কড়া বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় যুক্ত ইরানের প্রতিনিধি মহম্মদ বাকের কালিবাফ বলেন, “আমরা আমেরিকার সঙ্গে অস্তিত্বরক্ষার লড়াই করছি।” একই সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে, তারা বাহরিন, কুয়েত ও জর্ডনে অবস্থিত আমেরিকার সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আমেরিকার হামলার পর ইরানের একাধিক এলাকায় বিস্ফোরণের খবর সামনে এসেছে। ইরানের সংবাদমাধ্যমগুলির দাবি, বন্দর আব্বাসের কাছে আমেরিকার বাহিনী হামলা চালিয়েছে। সংবাদসংস্থা ‘মেহর’-এর প্রতিবেদন অনুযায়ী, চাবাহার বন্দরের আশপাশেও পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

বুধবার সকালে হরমুজ প্রণালীর তীরবর্তী ইরানের সামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে অভিযান চালায় আমেরিকার সেনা। মূল হামলার লক্ষ্য ছিল তুন্‌ব দ্বীপ, যেখানে প্রায় ৯০ মিনিট ধরে সামরিক অভিযান চলে। পরে আহবাজ শহরেও হামলা চালানোর খবর মিলেছে। তবে এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনী ইরানে সামরিক অভিযান চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হন। সম্প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে, তিন সপ্তাহ আগে ইরান ও আমেরিকার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল, যেখানে দুই মাসের সংঘর্ষবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। তবে অভিযোগ, সেই চুক্তি লঙ্ঘন করে ইরান হরমুজ় প্রণালী দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলিতে হামলা চালিয়ে যাচ্ছে। এর জেরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষবিরতির সমাপ্তি ঘোষণা করেন। যদিও দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।


Share