Middle East Conflict

ট্রাম্পের হুঁশিয়ারির পরই পাল্টা আগুন! তেহরানে ফের আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণে কাঁপল ইরানের একাধিক শহর

ইরানের সংবাদমাধ্যমের দাবি, দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালীর কেশম দ্বীপে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি, দ্বীপের একটি জনবহুল এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে।

জর্ডনে ইরানি হামলার জবাবে ফের তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল আমেরিকা।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১১:০৯

জর্ডনে ইরানি হামলার জবাবে ফের তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল আমেরিকা। গত সপ্তাহ থেকে ইরানে সামরিক অভিযান স্থগিত রেখেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন করে উত্তেজনা বাড়তেই আবারও শুরু হল আমেরিকার হামলা।

বুধবারই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। তার পরই ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ইরানের একাধিক এলাকায় সামরিক অভিযান চালায় আমেরিকার সেনা। সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলিতে ইরানি হামলার জবাব দিতেই এই অভিযান। ইরানের সংবাদমাধ্যমের দাবি, দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালীর কেশম দ্বীপে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি, দ্বীপের একটি জনবহুল এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে। বুশেহর শহরেও শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ্যে না এলেও বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

গত মঙ্গলবার জর্ডনে অবস্থিত একটি আমেরিকার সেনাঘাঁটিকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে শেষ মুহূর্তে সেই হামলা প্রতিহত করে আমেরিকার সেনাবাহিনী। এরপরই কড়া প্রতিক্রিয়া জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা ওদের পিটিয়ে ছাতু বানিয়ে ছাড়ব। ভয়ংকর আঘাত হানব। ওদের ভালো করে ধোলাই দেওয়া হবে।” ট্রাম্পের এই মন্তব্যের পরই ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ শুরু করে আমেরিকার বাহিনী।


Share