Turkey Village Shooting

তুরস্কের তিন গ্রামে বন্দুকবাজের তাণ্ডব! পর পর গুলিতে ঝরল ৮ প্রাণ, গুরুতর আহত এক, আততায়ীর খোঁজে পুলিশের তল্লাশি

তুরস্কের তিন গ্রামে বন্দুকবাজের হামলায় ৮ জনের মৃত্যু, গুরুতর আহত এক, আততায়ীর খোঁজে পুলিশের জোরদার তল্লাশি অভিযান চলছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ ০১:৫৭

তুরস্কের তিনটি গ্রামে পর পর বন্দুক হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও এক জন। ঘটনার পর থেকেই আততায়ীর খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, তুরস্কের আফিয়নকারাহিসার শহরের কাছে ইউকারিতান্দির, কিয়ির এবং আয়াজ়িনি—এই তিনটি গ্রামে হামলার ঘটনা ঘটে। গ্রামগুলি রাজধানী আঙ্কারা এবং ইজ়মীর শহরের মাঝামাঝি এলাকায় অবস্থিত। তুরস্কের সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউকারিতান্দির গ্রামের রাস্তা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই মহিলার দেহ উদ্ধার হয়েছে। অন্য দিকে, কিয়ির গ্রাম থেকে তিন জন এবং আয়াজ়িনি গ্রাম থেকেও তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

এই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ফুটেজে কালো জ্যাকেট, সাদা প্যান্ট এবং চোখে চশমা পরা এক ব্যক্তিকে হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তার কাছেই ছিল একটি লাল রঙের গাড়ি। পুলিশের দাবি, পরে ওই গাড়িটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এস্কেশির শহরের কাছে গাড়িটির সন্ধান মেলে। তবে ফুটেজে দেখা ব্যক্তিই হামলার মূল অভিযুক্ত কি না, তা এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ মে তুরস্কের দক্ষিণের মেরসিন এলাকায় বন্দুকবাজের হামলায় ছয় জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অন্তত আট জন। ওই ঘটনায় ৩৭ বছর বয়সি মেটিন এ-কে গ্রেফতার করে পুলিশ। মে মাসের সেই হামলার সঙ্গে বৃহস্পতিবারের ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপাতত হামলাকারীর পরিচয় এবং হামলার নেপথ্য কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।


Share