Arrest

ট্রাম্পকে খুনের ছক? হোয়াইট হাউসের কাছে অস্ত্রভর্তি গাড়ি-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক, উদ্ধার AR-15 রাইফেল ও কয়েক ডজন কার্তুজ

তাঁর কাছ থেকে একটি AR-15 রাইফেল, দু’টি হ্যান্ডগান এবং প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের কাছ থেকে তাঁকে পাকড়াও করা হয়।

ডোলান্ড ট্রাম্পকে খুনের চেষ্টায় গ্রেফতার যুবক।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ ১০:৩৭

হোয়াইট হাউসের কাছে অস্ত্রশস্ত্র-সহ সন্দেহভাজন যুবক গ্রেফতার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের পরিকল্পনার অভিযোগে ২৬ বছর বয়সি এক ভেনেজ়ুয়েলার নাগরিককে গ্রেফতার করল আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। ধৃতের নাম রনি ইয়র্ডরিক্স গুয়ানিপা চিরিনোস। তাঁর কাছ থেকে একটি AR-15 রাইফেল, দু’টি হ্যান্ডগান এবং প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের কাছ থেকে তাঁকে পাকড়াও করা হয়। আমেরিকার প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

তদন্তকারী সূত্রে খবর, হোয়াইট হাউস চত্বরের কাছে একটি নীল রঙের ফোর্ড এফ-১৫০ পিকআপ ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সিক্রেট সার্ভিসের এক আধিকারিকের সন্দেহ হয়। এরপর গাড়ির কাছে গিয়ে তিনি চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেই সময়ই চমকে দেওয়ার মতো দাবি করেন চিরিনোস। তদন্তকারীদের দাবি, ওই যুবক জানান, তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। সেই কণ্ঠস্বর তাঁকে ট্রাম্পকে খুন করার নির্দেশ দেয়। এই বক্তব্যের পরেই তাঁকে আটক করে গাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ট্রাকের ভিতর থেকে একটি MAC-10 মেশিন পিস্তল, একটি Glock 43x পিস্তল এবং একটি AR-15 রাইফেল উদ্ধার হয়। পাশাপাশি কয়েক ডজন কার্তুজও পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। শুধু অস্ত্র নয়, গাড়ির নম্বর প্লেট পরীক্ষা করে তদন্তকারীরা জানতে পারেন, সেটি সাউথ ক্যারোলিনা থেকে চুরি করা হয়েছিল।

ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে গাড়ি চুরি, চোরাই সম্পত্তি নিজের কাছে রাখা এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র বহন-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। DHS-এর দাবি, চিরিনোস ভেনেজ়ুয়েলার নাগরিক এবং আমেরিকায় থাকার বৈধ নথি তাঁর কাছে নেই। ২০২৪ সালে টেক্সাস সীমান্ত দিয়ে তিনি আমেরিকায় প্রবেশ করেছিলেন বলে দাবি প্রশাসনের। ফৌজদারি মামলায় জামিন পেলেও অভিবাসন আইনে ফের তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানাতে পারে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট।

এই ঘটনা নিয়ে আমেরিকান সিক্রেট সার্ভিসের ডিরেক্টর শন কারান উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর কথায়, হোয়াইট হাউসের আশপাশে অস্ত্রশস্ত্র-সহ সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগের বিষয়। গ্রেফতারির পর চিরিনোসকে ওয়াশিংটনের ডিসি সুপিরিয়র কোর্টে পেশ করা হয়। আদালতের অনলাইন নথি অনুযায়ী, বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করেছেন। আপাতত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকান মার্শাল সার্ভিস ঘটনার তদন্তভার নিয়েছে।


Share