Middle East Crisis

ভারতমুখী জাহাজে টর্পেডো হামলা, মৃত্যু ভারতীয় নাবিকের! ওমান উপকূলে আতঙ্ক, ১৯ জনকে উদ্ধার

তাঁদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার এই ঘটনায় বিবৃতি দিয়ে শোকপ্রকাশের পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রক হামলার তীব্র নিন্দা করেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮

ভারতমুখী বাণিজ্যিক জাহাজে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হল। ওমানের পূর্ব উপকূলের কাছে হামলার মুখে পড়ে ‘এমভি কোপ দেও’ নামে ওই জাহাজটি। জাহাজে থাকা ২০ জন ক্রু-ই ভারতীয়। তাঁদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার এই ঘটনায় বিবৃতি দিয়ে শোকপ্রকাশের পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রক হামলার তীব্র নিন্দা করেছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, মৃত নাবিকের নাম সূরয যাদব। তিনি উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা এবং জাহাজে ওয়াইপার হিসেবে কর্মরত ছিলেন। পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি ওমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার হওয়া ভারতীয়দের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস। উদ্ধারকাজে সহযোগিতার জন্য ভারত ওমান কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছে।

বিদেশ মন্ত্রকের তরফে এই ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করা হয়েছে। জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোর উপর হামলা বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে। উত্তেজনা প্রশমনে আলোচনা ও কূটনীতির উপর জোর দেওয়ার পাশাপাশি দ্রুত নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ভারত।

এ দিকে ফরওয়ার্ড সি মেনস্ ইউনিয়ন অব ইন্ডিয়ার দাবি, দু’টি টর্পেডো হামলায় জাহাজটির বাঁ দিকে থাকা সি-ডেক এবং ইঞ্জিন রুমের কাছে একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সি-ডেকেই সাধারণত নাবিকদের থাকার ব্যবস্থা থাকে। সংগঠনের অভিযোগ, হরমুজ় প্রণালী ও সংলগ্ন এলাকায় অসামরিক নাবিকদের নিরাপত্তা ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে। ঘটনার ‘জবাবদিহি’ নিশ্চিত করার পাশাপাশি নাবিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।


Share