Donald Trump

‘চাঁদ আমাদের’! নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাব ট্রাম্পের, হরমুজ প্রণালীও মূল ভূখণ্ড বলে দাবি

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে নিউ মেক্সিকোর নাম বদলের প্রস্তাব। ওই রাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।

আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৭

নাম বদলের ‘হিড়িক’ এ বার আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার চাঁদের কয়েকটি ছবি প্রকাশ করে তার মালিকানা নিয়েও তিনি দাবি তুললেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ আমেরিকার পতাকার সঙ্গে চাঁদের ছবি পোস্ট করে ট্রাম্প লেখেন, ‘চাঁদ আমাদের।’ এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একাধিক ছবি ও পোস্টও প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট। এমনকী, হরমুজ প্রণালীকেও আমেরিকার ভূখণ্ড হিসেবে দাবি করার কথা উঠে এসেছে তাঁর পোস্টে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে নিউ মেক্সিকোর নাম বদলের প্রস্তাব। ওই রাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, অনেকেই নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার পরামর্শ দিয়েছেন। তাঁর দাবি, এই নাম রাজ্যের মানুষের জন্য আরও ‘মর্যাদাপূর্ণ ও সুন্দর’ হবে। নিজের প্রস্তাব নিয়ে তিনি উচ্ছ্বাসও প্রকাশ করেন। পরে একটি ছবি পুনরায় পোস্ট করা হয়, যেখানে ‘নিউ মেক্সিকো’ নামের ‘মেক্সিকো’ অংশটি মুছে তার জায়গায় ‘আমেরিকা’ লেখা হয়েছে।

তবে ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজন গ্রিশাম। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজ্যের নাম কোনও বিতর্কের বিষয় নয়। তাঁর দাবি, আমেরিকা যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠারও আগে থেকেই এই নামের সঙ্গে রাজ্যের পরিচয় রয়েছে।

এর আগে কানাডার সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যে ট্রাম্প অন্টারিও হ্রদের নাম বদলে ‘লেক আমেরিকা’ করার উদ্যোগ নিয়েছিলেন। সেই প্রস্তাবও কানাডা প্রত্যাখ্যান করে । ইরানের সঙ্গে যুদ্ধের আবহে হরমুজ প্রণালীর নাম বদলে ‘ট্রাম্প প্রণালী’ করার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই সেই পরিকল্পনা নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট ছিল না।

ট্রাম্পের নাম বদলের উদ্যোগ অবশ্য নতুন নয়। ২০২৫ সালে দ্বিতীয় বার হোয়াইট হাউসে ফেরার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘গালফ অফ আমেরিকা’ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। মেক্সিকো সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছিল। এ বার চাঁদ থেকে শুরু করে নিউ মেক্সিকো—ট্রাম্পের একের পর এক এমন দাবি ও প্রস্তাবকে ঘিরে ফের আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে।


Share