Leonel Messi

দাবানলে পুড়ছে স্পেন, মানবতার হাত বাড়ালেন মেসি, দুর্গতদের জন্য দিলেন ৮০ হাজার ইউরো অনুদান

এই কঠিন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি। দাবানলে ক্ষতিগ্রস্ত স্পেনের একটি এলাকার ত্রাণ ও পুনর্বাসনের জন্য তিনি ৮০ হাজার ইউরো আর্থিক সাহায্য দিয়েছেন।

লিওনেল মেসি।
নিজস্ব সংবাদদাতা, স্পেন
  • শেষ আপডেট: ০৬ আগস্ট ২০২৬ ০১:৩৯

প্রকৃতির ভয়াবহ রোষে কার্যত বিপর্যস্ত ইউরোপ। দাবানলের লেলিহান শিখা আর ঘন ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ, ছাইয়ে ঢেকে গিয়েছে বিস্তীর্ণ সবুজ প্রান্তর। ফ্রান্স ও স্পেনের বিস্তীর্ণ এলাকায় চলা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি। দাবানলে ক্ষতিগ্রস্ত স্পেনের একটি এলাকার ত্রাণ ও পুনর্বাসনের জন্য তিনি ৮০ হাজার ইউরো আর্থিক সাহায্য দিয়েছেন।

আর্জেন্টিনার হয়ে খেললেও স্পেনে লিওনেল মেসির ফুটবল জীবনের ভিত্তি গড়ে উঠেছে। মাত্র ১৩ বছর বয়সে তিনি বার্সেলোনায় যোগ দেন। সেখানেই বার্সেলোনা ক্লাব তাঁর হরমোনজনিত সমস্যার চিকিৎসার দায়িত্ব নেয় এবং ধাপে ধাপে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গড়ে তোলে। দীর্ঘদিন বার্সেলোনার জার্সিতে খেলার পাশাপাশি মেসি স্প্যানিশ পাসপোর্টও অর্জন করেন। আন্তর্জাতিক ফুটবলে স্পেনের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকলেও তিনি নিজের জন্মভূমি আর্জেন্টিনাকেই বেছে নেন। তাই অনেকের মতে, বিশ্বসেরা ফুটবলার হিসেবে স্পেনের মাটিতেই মেসির প্রকৃত উত্থানের গল্প শুরু হয়েছিল।

সমগ্র ইউরোপে তীব্র দাবদাহের জেরে স্পেন ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। মেসির প্রিয় দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় শুষ্ক আবহাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। রাজধানী মাদ্রিদের আশপাশের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় ৭৭০ বর্গকিলোমিটার এলাকা আগুনে ভস্মীভূত হয়েছে। বিরল ‘ফায়ার থান্ডারস্টর্ম’ বা আগুনের বজ্রঝড় পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলেছে। অতিরিক্ত তাপে ধোঁয়া, ছাই এবং জলীয় বাষ্প বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে বিশাল মেঘের সৃষ্টি করছে। সেই মেঘ থেকেই বজ্রপাত হচ্ছে, আর সেই বজ্রপাত নতুন নতুন জায়গায় আবার আগুন লাগিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে আধুনিক প্রযুক্তি ও দমকলের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।

মাদ্রিদের পার্শ্ববর্তী সিয়েরা অয়েস্তে এলাকার পুনর্গঠনে এগিয়ে এলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তিনি এই উদ্যোগের জন্য ৮০ হাজার ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এই অর্থ আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিকাঠামো পুনর্নির্মাণ ও সংস্কারের কাজে ব্যয় করা হবে। মেসির এই মানবিক উদ্যোগের জন্য মাদ্রিদের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো তাঁকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের উদ্যোগেই এই আর্থিক সহায়তা পৌঁছেছে। পাশাপাশি, অনুদানের প্রতিটি ইউরো যেন স্বচ্ছ ও সঠিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থে ব্যবহার করা হয়, সে বিষয়েও বিশেষ অনুরোধ জানিয়েছেন মেসি।


Share