Plane Hijack

বিমানে আক্রান্ত হয়েছেন ভারতীয় পাইলট, কী ভাবে তিনি ওমানের সহ-পাইলটের হাত থেকে ১৮০ জনকে রক্ষা করলেন? ‘আসল হিরো’ বললেন নেতানিয়াহু

নেতানিয়াহু কৃতজ্ঞতা জানিয়েছে আরও লিখেছেন, “ইজরায়েলের নাগরিক-সহ বিভিন্ন দেশের ১৭৪ জনের জীবন তিনি রক্ষা করেছেন। তিনি সত্যিই একজন প্রকৃত নায়ক।” তাঁর দ্রুত দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।

ভারতীয় পাইলট স্মিত মচ্ছর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১২:৪৩

বুধবার ফ্লাইদুবাইয়ের যে বিমানটি সংযুক্ত আরব আমিরশাহির দুবাই থেকে তেল আভিভে যাচ্ছিল, তার ক‍্যাপ্টেন ছিলেন এক ভারতীয়। তাঁকেই সহ-পাইলট ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। ভারতীয় পাইলটের নাম স্মিত মচ্ছার। অভিযুক্ত সহ-পাইলট ওমানের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ওই তিনি ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন হিসেবে তাঁর সহ-পাইলটের হামলা প্রতিহত করে বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছেন।

ইজরালের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানটি প্রায় ১৮০ জন যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে যাচ্ছিল। সেই সময় ওমানের নাগরিক ওই সহ-পাইলট বিমানের সিস্টেমে নাশকতা চালিয়ে বিমানটিকে ‘ক্রাশ’ করার চেষ্টা করে।  তাঁকে আটকাতে যান ক‍্যাপ্টেন স্মিত মচ্ছার। একাধিক বার সহ-পাইলটকে আটকানোর চেষ্টা করেন তিনি। এই সংঘর্ষের মাঝেই তাঁকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। বিমানকর্মী এবং যাত্রীরাই স্মিতকে উদ্ধার করেন। তিনি আপাতত দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্মিত মচ্ছর গুজরাতি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক। তিনি ২০১১ সাল থেকে ২০২২ পর্যন্ত স্পাইসজেটে বিমান চালিয়েছেন। ১১ বছর এই পেশায় থাকার পরে তিনি ফ্লাইদুবাইয়ে যোগ দেন। বোয়িং ৭৩৭ বিমানে তাঁর প্রায় ন’হাজার ৭৫০ ঘণ্টার বাণিজ্যিক বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে স্মিতের। যার মধ্যে ছ’হাজার ৪০০ ঘণ্টারও বেশি সময় পাইলট ইন কমান্ড বা ক‍্যাপ্টেন হিসেবে বাণিজ্যিক বিমান চালিয়েছেন। এর মধ্যে B737-৮০০ এবং B737 MAX ৮/৯ বিমানও তিনি চালিয়েছেন। গত ২০২২ সালে তিনি ক‍্যাপ্টেন হিসেবেই ফ্লাইদুবাইয়ে যোগ দেন। এমনকী, স্পাইসজেটে থাকাকালীন তিনি সিনিয়র কমান্ডার এবং লাইন ট্রেনিং ক‍্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ওয়েলিংকর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের বিজ়নেস অ্যাডমিনস্ট্রেশনের ডিগ্রি রয়েছে তাঁর।

ইজরায়েলের রাষ্ট্রসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত ড‍্যানি ড‍্যানন স্মিত মচ্ছরকে একজন ‘হিরো’ পাইলট হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষিত রাখতে মচ্ছর ‘সিংহের মতো লড়াই’ করেছেন। বিমানটির গতিপথ পরিবর্তন করেছিলেন। তবে তাঁর বক্তব্যে মচ্ছরের ভারতীয় পরিচয়ের কথা উল্লেখ করা হয়নি।

সকাল থেকে চুপ করে থাকার পরে একটি বিবৃতি জারি করেছে ফ্লাইদুবাই। তারা বিবৃতিতে জানিয়েছে, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টিকে নিয়ে কাজ করছে। আরও তথ্য নিশ্চিত হওয়ার পর জানানো হবে। পাইলটদের মধ্যে কেন সংঘর্ষ ঘটনা ঘটল, কী উদ্দেশ্য ছিল তার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি আনুষ্ঠানিক তদন্তের অধীনে রয়েছে।”

ভারতীয় পাইলট স্মিত মচ্ছারকে ‘আসল হিরো’ বলে সম্বোধন করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি লিখেছেন, “স্মিত অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁকে আমার স্যালুট। ছুরির আঘাতে গুরুতর জখম হওয়ার পরও তিনি হামলাকারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। তা প্রতিরোধ করেন এবং ককপিটের দরজা খুলে দেন। তাঁর এই সাহসিকতার ফলেই যাত্রী ও ক্রুরা মিলে হামলাকারীকে কাবু করতে সক্ষম হন। তাঁর জন‍্যই মাঝ আকাশে এক ভয়াবহ বিপর্যয় এড়ানো সম্ভব হয়।”

নেতানিয়াহু কৃতজ্ঞতা জানিয়েছে আরও লিখেছেন, “ইজরায়েলের নাগরিক-সহ বিভিন্ন দেশের ১৭৪ জনের জীবন তিনি রক্ষা করেছেন। তিনি সত্যিই একজন প্রকৃত নায়ক।” তাঁর দ্রুত দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।

ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজের দাবি, ইজরায়েলি যাত্রীদের খুন করার উদ্দেশ্যেই ওই বিমান ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। ‘ইসলামিক জিহাদিদের জঙ্গি হামলার চেষ্টা’ বলে তিনি উল্লেখ করেছেন। যে পাইলট অন্য জনকে আক্রমণ করেছিলেন, তাঁকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরব কর্তৃপক্ষ তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছেন। প্রাথমিক ভাবে ওমানের ও সহ-পাইলট ইসলামিক জঙ্গি সংগঠন আইসিসের সঙ্গে যুক্ত বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “সমস্ত যাত্রী এখন বিপদমুক্ত। ওই পাইলটকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ইজরায়েল সংযুক্ত আরব আমিরশাহির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইজরায়েলে তাঁদের ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি।”


Share