Poland ShootOut

পোল্যান্ডের ক্রাকোয় গাড়ি থেকে এলোপাথাড়ি গুলি, ছ’জনের মৃত্যু, আহত ১৬ জন, পুলিশের গুলিতে জখম বন্দুকবাজ

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের পরনে ছিল সামরিক পোশাক। তার কাছে সামরিক ধরনের আগ্নেয়াস্ত্র ছিল। হামলার পর তার গাড়ি থেকে প্রচুর অস্ত্র ও গুলিও উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে চার জন মহিলা এবং দু’জন পুরুষ।

পোল‍্যান্ডে বন্দুকবাজের গুলিতে মৃত্যু ছ’জনের।
নিজস্ব সংবাদদাতা, পোল্যান্ড
  • শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ ১০:৩৭

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোয় বন্দুকবাজের হামলায় ছ’জনের মৃত্যু হয়েছে। চলন্ত গাড়ি থেকে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র জানাচ্ছে। এই ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। শনিবারের এই হামলার পর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয় অভিযুক্ত। শেষ পর্যন্ত পুলিশের তাকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি পোল্যান্ডের নাগরিক বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ সূত্রে খবর, শনিবার স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ ক্রাকোর প্রধান চত্বরে গুলি চালানোর খবর আসে। একটি গাড়ি থেকে বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল বলে অভিযোগ। পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। শহরের মেন মার্কেট স্কোয়ারে সেই সময় বহু মানুষের ভিড় ছিল। আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের পরনে ছিল সামরিক পোশাক। তার কাছে সামরিক ধরনের আগ্নেয়াস্ত্র ছিল। হামলার পর তার গাড়ি থেকে প্রচুর অস্ত্র ও গুলিও উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে চার জন মহিলা এবং দু’জন পুরুষ। মৃতদের মধ্যে একজন পুলিশকর্মীও আছে। অভিযুক্তের বয়স ২৫ বছর বলে পোল‍্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তবে কী কারণে এই হামলা, তা এখনও জানা যায়নি।

 

এই ঘটনায় আহত ১৫ জনের মধ্যে দু’জন পুলিশকর্মীও রয়েছেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। তাঁর শরীরে তিনটি গুলি লেগেছে। তাঁর অস্ত্রোপচার হয়েছে। অন্য পুলিশকর্মীও গুলিবিদ্ধ হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গাড়ির চালকের পাশের জানলা দিয়ে গুলি চালাচ্ছিল বন্দুকবাজ। গাড়ি থেকে ধোঁয়া বেরোতেও দেখা যায়। প্রাণ বাঁচাতে বহু মানুষ আশপাশের দোকান, রেস্তরাঁ এবং থানায় আশ্রয় নেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, গুলির শব্দে মানুষজনকে ছোটাছুটি করতে। রক্তাক্ত অবস্থায় কয়েক জনকে রাস্তায় পড়ে থাকতেও দেখা যায়।

 

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পুলিশের সঙ্গে বন্দুকবাজের গুলির লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়। পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি জানিয়েছেন, পুলিশকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত পদক্ষেপ করেছিলেন। তাঁদের সাহসিকতার কারণেই হামলাকারীকে আটক করা সম্ভব হয়েছে।

 

ঘটনার খবর পেয়েই পরিস্থিতির ওপর নজর রাখার কথা জানান পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। পরে রাজধানী ওয়ারশ থেকে ক্রাকোর উদ্দেশে রওনা দেন তিনি। প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কিও নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

ক্রাকোর মেন মার্কেট স্কোয়ার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্গত। পর্যটকদের ভিড়ে থাকা এই ঐতিহাসিক চত্বরে এমন ভয়াবহ হামলার ঘটনায় গোটা পোল্যান্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন এই হামলা, এর নেপথ্যে কোনও পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share