Bangladesh Politics

শেখ হাসিনার আমলের বায়ুসেনা প্রধান শেখ আবদুল হান্নান কাতারে গ্রেফতার! ২৭ কোটিরও বেশি টাকার সন্দেহজনক লেনদেন, কানাডা-দুবাইয়ে অর্থ পাচারের অভিযোগ

এ বার সেই অভিযোগের জেরেই কাতার থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ অক্টোবরের এই গ্রেফতারির খবর নিশ্চিত করেছে ইন্টারপোল।

বাংলাদেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান শেখ আবদুল হান্নান গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশ
  • শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১২:০৯

শেখ হাসিনার আমলে বাংলাদেশের বায়ুসেনা প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। সরকার পরিবর্তনের পরই দুর্নীতির অভিযোগে তদন্তকারীদের নজরে আসেন প্রাক্তন বায়ুসেনা প্রধান শেখ আবদুল হান্নান। এ বার সেই অভিযোগের জেরেই কাতার থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ অক্টোবরের এই গ্রেফতারির খবর নিশ্চিত করেছে ইন্টারপোল।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল সম্পত্তির মালিক হয়েছেন অবসরপ্রাপ্ত এই বায়ুসেনা প্রধান। তাঁর বিরুদ্ধে ৩.২৮ কোটি টাকারও বেশি হিসাব বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। পাশাপাশি, ছ’টি ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ২৭.৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনেরও অভিযোগ রয়েছে। শুধু হান্নান নন, তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, তাঁর স্ত্রীর নামে ১ কোটি ৯১ লক্ষ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এ ছাড়াও ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ১ কোটি ১৮ লক্ষ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে।

তদন্তকারীদের দাবি, বিদেশে সম্পত্তি কেনার পাশাপাশি কানাডা ও দুবাইয়ে অর্থ পাচারের সঙ্গেও যুক্ত ছিলেন হান্নান। তিনটি দেশে তাঁর ছেলে-মেয়েদের নামেও সম্পত্তির সন্ধান মিলেছে বলে অভিযোগ। এই মামলায় গত বছরের ১১ নভেম্বর শেখ আবদুল হান্নানের দু’টি ফ্ল্যাট বাজেয়াপ্ত এবং ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয় আদালত। এ বার ইন্টারপোলের মাধ্যমে কাতার থেকে তাঁর গ্রেপ্তারির পর নতুন করে তৎপরতা শুরু হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন শেখ আবদুল হান্নান। ২০২১ সাল থেকে ২০২৪ সালের ১১ জুন পর্যন্ত তিনি বায়ুসেনা প্রধানের দায়িত্ব সামলান। শেখ হাসিনার আমলেই ওই পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করে। এর আগে, ২০২৫ সালের মে মাসে আদালত হান্নান ও তাঁর পরিবারের সদস্যদের মোট ৩৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার পাশাপাশি জমি, ফ্ল্যাট ও বাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল।

তবে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে তিনি বাংলাদেশ ছেড়ে কাতারে পৌঁছোলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কাতারে গ্রেফতারির পর এ বার তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।


Share