Bangladesh Turmoil

ঢাকায় ৫০টিরও বেশি দেশি বোমা বিস্ফোরণ, বাসে আগুন, হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে আবার অশান্ত বাংলাদেশ

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ও ১৩ নভেম্বর আওয়ামি লিগের লকডাউন কর্মসূচিকে ঘিরে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার বিভিন্ন এলাকায় ৫০টিরও বেশি দেশি বোমা বিস্ফোরণ এবং অন্তত আটটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আবার অশান্ত বাংলাদেশ।
নিজস্ব সংবাদদাতা, আন্তর্জাতিক দেশ
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০৭:৩২

শেখ হাসিনার দেশে সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে ৫০টিরও বেশি ককটেল বা দেশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি অন্তত আটটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার খবর সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, শাহবাগ, পল্লবি, মিরপুর, তেজগাঁও, যাত্রাবাড়ি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই সাত থেকে আটটি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এ ছাড়া, ফার্মগেট মেট্রো স্টেশনের নীচে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় ফরিদপুরে এক বাসচালকের মৃত্যুর খবরও সামনে এসেছে। বাসের ভিতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ঢাকার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের টহলদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দাবি, জনমনে আতঙ্ক তৈরি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেই এই ধরনের হামলা চালানো হচ্ছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দিকে, চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় গ্রেফতার হয়েছেন আরও ১,০৭৮ জন। বেশ কয়েক জনকে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

এই অস্থিরতার নেপথ‍্যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনও করেছিলেন। তবে বাংলাদেশের সরকার হাসিনার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে।

অন্য দিকে, ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে নিষিদ্ধ আওয়ামি লিগ। একই সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের দিন ঘনিয়ে আসায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগ নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছে। আগামী কয়েক দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই আন্তর্জাতিক মহলের নজর রয়েছে।


Share