Donald Trump

আমেরিকায় নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন, হোয়াইট হাউসের সামনে গুলি, আহত পথচারী, তদন্তে এফবিআই

ব্যাগ থেকে বন্দুক বার করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এক যুবক। ঘটনায় আহত হন এক পথচারীও। পরে মার্কিন সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত হন ওই বন্দুকবাজ।

হোয়াইট হাউস
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৭:১৮

হোয়াইট হাউসের সামনে আচমকা গুলির লড়াই ঘিরে চাঞ্চল্য ছড়াল আমেরিকায়। ব্যাগ থেকে বন্দুক বার করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এক যুবক। ঘটনায় আহত হন এক পথচারীও। পরে মার্কিন সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত হন ওই বন্দুকবাজ। ঘটনাকালে হোয়াইট হাউসের ভিতরেই উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত বন্দুকবাজের নাম নাসাইর বেস্ট। আনুমানিক ২১ বছর বয়সি ওই যুবক কেন হঠাৎ হামলা চালালেন, তা তদন্ত করে দেখছে তদন্তকারীরা। তাঁর লক্ষ্য প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন কি না, সেটিও তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

মার্কিন সিক্রেট সার্ভিসের তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ছ'টার কিছু পরে ১৭ স্ট্রিট ও পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় ওই যুবক ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিক্রেট সার্ভিসের আধিকারিকরা পাল্টা গুলি চালান। গুলিবিদ্ধ অবস্থায় বন্দুকবাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় রাস্তার ধারে থাকা এক ব্যক্তি আহত হয়েছেন। তবে তিনি বন্দুকবাজের গুলিতে, নাকি পাল্টা গুলিতে আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনায় তাদের কোনও আধিকারিক আহত হননি। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা বা সরকারি কর্মসূচিতেও কোনও প্রভাব পড়েনি।

তবে ট্রাম্প হোয়াইট হাউসে থাকা অবস্থায় এমন ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। গত এক মাসে ট্রাম্পের আশপাশে এটি তৃতীয় গুলিচালনার ঘটনা। গত এপ্রিলে হোয়াইট হাউসের এক নৈশভোজে অস্ত্র নিয়ে ঢুকে পড়েছিলেন এক যুবক। পরে চলতি মাসের শুরুতে ওয়াশিংটন মনুমেন্টের কাছেও অনুরূপ ঘটনা ঘটে। শনিবারের ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।


Share