Shoot Out

আমেরিকার সিয়াটলে রক্তাক্ত ‘বাইট অফ সিয়াটল’ উৎসব, স্পেস নিডল চত্বরে এলোপাথাড়ি গুলিতে নিহত দুই, আহত পাঁচ

ঘটনার পর সিয়াটলের মেয়র কেটি উইলসন জানান, পুলিশ দু'জনকে আটক করেছে। তবে এই হামলায় অন্য কোনও সন্দেহভাজন জড়িত রয়েছে কি না বা হামলার সম্ভাব্য উদ্দেশ্য কী, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

সিয়াটেলে শুটআউট।
নিজস্ব সংবাদদাতা, সিয়াটেল
  • শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১১:৩৩

রবিবার সন্ধ্যায় আমেরিকার সিয়াটল শহরে জনপ্রিয় ‘বাইট অফ সিয়াটল’ খাদ্য উৎসব চলাকালীন শুটআউট। বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত দু'জন এবং আহত আরও পাঁচজন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ছ'টা নাগাদ শহরের বিখ্যাত স্পেস নিডল-সংলগ্ন সিয়াটল সেন্টার এলাকায় এই শুটআউটের ঘটনা ঘটে। সেই সময় বার্ষিক খাদ্য উৎসবে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ গুলির শব্দে উৎসবস্থলে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনার পরেই সিয়াটল পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে।

ঘটনার পর সিয়াটলের মেয়র কেটি উইলসন জানান, পুলিশ দু'জনকে আটক করেছে। তবে এই হামলায় অন্য কোনও সন্দেহভাজন জড়িত রয়েছে কি না বা হামলার সম্ভাব্য উদ্দেশ্য কী, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। সিয়াটল ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র গ্রেস নুনেজ জানান, ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়েছে। আহত আরও পাঁচজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হারবারভিউ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও জানা যায়নি।

বার্ষিক ‘বাইট অফ সিয়াটল’ উৎসব চলাকালীন গুলিচালনার ঘটনায় অন্তত চারজনকে হারবারভিউ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র সুসান গ্রেগ জানিয়েছেন, আহতদের মধ্যে রয়েছেন একটি শিশু, ২৩ বছর বয়সী এক যুবক এবং দুজন মহিলা। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

ঘটনার সময় সিয়াটল সেন্টার কমপ্লেক্সজুড়ে চলছিল জনপ্রিয় ‘বাইট অফ সিয়াটল’ উৎসব। হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে খাবারের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন চলছিল। সেই ভিড়ের মধ্যেই হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে উৎসবস্থলে হুড়োহুড়ি শুরু হয় এবং নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ‘হাওয়াইয়ান হানি কোনস’ নামের এক খাদ্য বিক্রেতার লাইভস্ট্রিমে শুটআউট শুরুর মুহূর্ত এবং তার পরবর্তী আতঙ্কের দৃশ্য ধরা পড়েছে। ভিডিয়োতে প্রথমে এক ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, “গুলি! গুলি!”। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সেই সময় এক ব্যক্তি চিৎকার করে সবাইকে সতর্ক করেন। মুহূর্তের মধ্যেই লাইভস্ট্রিমে ধরা পড়ে ঘটনাস্থলের বিশৃঙ্খল পরিস্থিতি। ভিডিয়োতে দেখা যায়, প্রাণ বাঁচাতে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ে স্পেস নিডলের লবিতে আশ্রয় নিচ্ছেন। ঘটনার পরপরই এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, শুটআউট শুরু হতেই উৎসবে উপস্থিত মানুষজন চারদিকে ছুটতে শুরু করেন, যার জেরে মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পর সিয়াটল পুলিশ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানায়, তারা শুটআউটের ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের দাবি, এই ঘটনায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল হিসেবে সিয়াটল সেন্টারের কথা উল্লেখ করে সাধারণ মানুষকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। ঘটনার কারণ বা সন্দেহভাজনদের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে।

উল্লেখ্য, ‘দ্য বাইট অফ সিয়াটল’ শহরটির অন্যতম বৃহত্তম বার্ষিক উৎসব। ১৯৮২ সালে প্রথমবারের মতো শুরু হওয়া এই তিন দিনব্যাপী উৎসবে খাবার-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর প্রায় তিন লক্ষ ৫০ হাজার মানুষের সমাগম ঘটে এই উৎসবে। এ বার সেই উৎসবের মধ্যেই শুটআউটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে।


Share