Middle East Crisis

আবার সৌদি আরবে হামলা! এ বার ধাহরানে তেল সংস্থা আরামকোর সদর দফতরের কাছে জেরালো বিস্ফোরণের শব্দ, দাবি সংবাদসংস্থার

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় আরামকোর সদর দফতর খালি করে দেওয়া হয়েছিল বলে সূত্রগুলি জানিয়েছে। একটি সূত্রের দাবি, সদর দফতর থেকে ধোঁয়া বের হতেও দেখা গিয়েছে। তবে কী কারণে এই বিকট শব্দ শোনা গিয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

প্রতীকী চিত্র।
এখন কলকাতা, আন্তর্জাতিক ডেস্ক, ধাহরান
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ০৮:২৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা সৌদি আরামকোর সদর দফতরের আশপাশে বিকট শব্দ শোনা গিয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হয়েছে। ছ’টি সূত্র রয়টার্সকে এই খবর জানিয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হামলার ঘটনার মধ্যে এই ঘটনাকে ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় আরামকোর সদর দফতর খালি করে দেওয়া হয়েছিল বলে সূত্রগুলি জানিয়েছে। একটি সূত্রের দাবি, সদর দফতর থেকে ধোঁয়া বের হতেও দেখা গিয়েছে। তবে কী কারণে এই বিকট শব্দ শোনা গিয়েছে, তা এখনও নিশ্চিত নয়। আরামকো কর্তৃপক্ষের তরফে ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াধেও সম্ভাব্য বিপদের সতর্কবার্তা জারি করে দেশের অসামরিক প্রতিরক্ষা বিভাগ। সতর্কবার্তা জারির পর রাজধানীতেও বিকট শব্দ শোনা গিয়েছে বলে খবর।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সংঘাত সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে কেন্দ্র করে একাধিক হামলার খবর সামনে এসেছে। হুথিদের তরফে সৌদি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই পরিস্থিতিতে ধাহরানে আরামকোর সদর দফতরের কাছে বিকট শব্দ শোনার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তবে সেখানে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কি না, কোনও প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করেছে কি না, কিংবা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে— এসব বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল।


Share