Middle East Crisis

হুতি হামলার জেরে সৌদিতে বিপর্যস্ত বিমান পরিষেবা, রিয়াধগামী একাধিক উড়ান বাতিল

রিয়াধগামী একাধিক যাত্রীবাহী উড়ান বাতিল করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলি আগামী ১০ অক্টোবর পর্যন্ত পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিস্ফোরণের পর উড়ছে ধোঁয়া।
নিজস্ব সংবাদদাতা, বিয়াধ
  • শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১১:৩৩

হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে চরম উদ্বেগ সৌদি আরবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতির জেরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়। এর প্রভাব পড়েছে ভারত-সৌদি বিমান পরিষেবাতেও। রিয়াধগামী একাধিক যাত্রীবাহী উড়ান বাতিল করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলি আগামী ১০ অক্টোবর পর্যন্ত পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি কর্তৃপক্ষের দাবি, রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরেই দুই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। এই হামলায় আভা আন্তর্জাতিক বিমানবন্দরে মরক্কো ও আলজেরিয়ার এক জন করে নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৮ জন। অন্য দিকে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সুদানের এক নাগরিকের মৃত্যু হয়েছে এবং ১৩ জন আহত হয়েছেন।

সৌদি আরবের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, অসামরিক পরিকাঠামোকে নিশানা করা এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন করা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে নয়াদিল্লি। এই কঠিন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে থাকার বার্তাও দিয়েছে ভারত।

এদিকে, রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে। চলমান পরিস্থিতি সংক্রান্ত কোনও ভিডিও বা সংবেদনশীল তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা ছড়িয়ে না দেওয়ারও পরামর্শ দিয়েছে দূতাবাস।

বিদেশমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, রিয়াধের ভারতীয় দূতাবাস, জেদ্দার ভারতীয় কনস্যুলেট এবং ভিএফএসের মাধ্যমে পরিচালিত আউটসোর্সড পরিষেবাগুলি স্বাভাবিক রয়েছে। জরুরি প্রয়োজনে ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য ‘প্রবাসী ভারতীয় সহায়তা কেন্দ্র’-এর ২৪ ঘণ্টার হেল্পলাইনও চালু রাখা হয়েছে। স্থানীয় টোল-ফ্রি নম্বর ৮০০২৪৭১২৩৪।


Share