Middle East Conflict

যুদ্ধের মাঝেই বড় সিদ্ধান্ত আমেরিকার, তিন বাহিনীর সেনাপ্রধানকে পদত্যাকে নির্দেশ হোয়াইট হাউজের

সাধারণত আমেরিকার সেনাপ্রধানের চার বছরের মেয়াদ থাকে। জর্জের এখনও এক বছরের বেশি সময় বাকি। তাই তাঁকে বরখাস্ত করা হয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

রানডি জর্জ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১১:৫৪

পশ্চিম এশিয়ার যুদ্ধ এখন মধ্য গগনে। প্রতিদিনই হামলা, পাল্টা হামলা চলছে। তার মধ্যেই বরখাস্ত করা হল আমেরিকান সেনাপতিকে। শুক্রবার আমেরিকান সেনার প্রধান সেনাপতি রানডি জর্জকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ। 

জেনারেল রানডি জর্জকে অবসর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। অবিলম্বে তাঁকে সমস্ত পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পিছনে কী কারণ রয়েছে তা এখনও জানানো হয়নি। পেন্টাগন বিষয়টাকে ‘অবসর’ হিসেবেই দেখাতে চাইছে।

সাধারণত আমেরিকার সেনাপ্রধানের চার বছরের মেয়াদ থাকে। জর্জের এখনও এক বছরের বেশি সময় বাকি। তাই তাঁকে বরখাস্ত করা হয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। পেন্টাগন অবশ্য জানিয়েছে, ৪১ তম চিফ অফ আর্মি স্টাফ রানডি জর্জ ‘অবিলম্বে অবসর নিচ্ছেন’। তাঁর কয়েক দশকের দেশসেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে পেন্টাগন আরও বলেছে, ‘আমরা তাঁর অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।’

পেন্টাগন সূত্রে খবর, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা নীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিরক্ষা দফতরকে ঢেলে সাজাচ্ছেন হেগসেথ। ইতিমধ্যেই একাধিক শীর্ষ জেনারেল এবং অ্যাডমিরালদের সরিয়ে দেওয়া হয়েছে। সেই সূত্রেই সরানো হয়েছে রানডি জর্জকেও। কিন্তু যুদ্ধের মাঝে এই ঘটনায় অবাক হয়ে গিয়েছেন অনেকেই।

ইউনাইটেড স্টেটস মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক রানডি জর্জ। বহু যুদ্ধের পোড় খাওয়া নায়ক তিনি। ইরাক এবং আফগানিস্তানে ছিলেন। আমেরিকান সেনা বাহিনীর ভাইস চিফের দায়িত্বও সামলেছেন। বাইডেন জমানায় প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সামরিক উপদেষ্টাও করা হয়েছিল তাঁকে। সেনাপ্রধানের দায়িত্ব পান ২০২৩ সালে। ইরানের বিরুদ্ধে যুদ্ধেও নেতৃত্ব দিচ্ছিলেন তিনিই।


Share