Pakistan

‘হামলা চালাব কলকাতায়,’ আবার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

এই উত্তেজনা শুরু হয়েছিল পহেলগামে ইসলামিক জঙ্গি হামলা পর থেকে। যার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছিল সংঘর্ষ। পাকিস্তানে ঢুকে একাধিক জঙ্গিদের লঞ্চেপ‍্যাড গুঁড়িয়ে দিয়েছিল ভারত।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০১:৫৩

মধ্যপ্রাচ্যে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ফের চরমে। আরও একবার ভারতে হামলার করার হুমকি দিল পাকিস্তান। কোথায় হামলা চালানো হবে, তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের দাবি, ভারত মিথ‍্যা অজুহাতে যদি হামলা চালায়, তাহলে বিষয়টি কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে।

সম্প্রতি দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “অপারেশন সিঁদুর জারি রয়েছে। বেচাল দেখলেই সমুচিত জবাব পাবে ইসলামাবাদ।” এর পরই পাকিস্তানের তরফে পাল্টা হুমকি দেওয়া হয়েছে। লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালকোটে একটি সাংবাদিক বৈঠক করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খাজা বলেন, “ভারত যদি কোনও মিথ্যে অজুহাতে পাকিস্তানে হামলা চালায়, তাহলে সেই হামলাকে কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাব।”

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, “ভারত হামলা চালানোর ছক কষছে। একটি বড় ষড়যন্ত্র করা হতে পারে। তাঁর আশঙ্কা, নিজেদের লোককেই ব্যবহার করবে তাঁরা।” তিনি এ-ও দাবি করে বলেন, “ভারতের হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে হামলার নাটক সাজানো হতে পারে।” শুধু কলকাতা নয়, আক্রমণ আরও তীব্র করার হুমকি দিয়েছেন খাজা। তিনি আরও বলেন, “সংঘর্ষ আর সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। আমরা তাদের ঘরে ঢুকে হামলা করব।”

পাকিস্তানের দাবি, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতে যুযুধান দুই পক্ষ আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান যে সক্রিয় এবং ইতিবাচক ভূমিকা নিয়েছে, তাতে নয়াদিল্লি নাকি অস্বস্তিতে। তাই তাঁরা হামলার ছক কষেছে। যদিও এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই মনে করা হচ্ছে। কারণ পাকিস্তান তাদের বক্তব্যের সপেক্ষে কোনও প্রমাণই দেখাতে পারেনি। মূলত, এই উত্তেজনা শুরু হয়েছিল পহেলগামে ইসলামিক জঙ্গি হামলা পর থেকে। যার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছিল সংঘর্ষ। পাকিস্তানে ঢুকে একাধিক জঙ্গিদের লঞ্চেপ‍্যাড গুঁড়িয়ে দিয়েছিল ভারত। 


Share