Pakistan-Afganistan Conflict

আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ করল পাকিস্তান, রাজধানী ইসলামাবাদ-সহ তিন জায়গার সেনা ছাউনি ধ্বংস করল আফগানিস্তানের বায়ুসেনা

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ সমাজমাধ্যমে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। তাঁর দাবি, “আফগানিস্তান সমস্ত সহ‍্যের সীমা লঙ্ঘন করেছে।” এই ঘোষণার পরেই আক্রমণ পাল্টা আক্রমণের খবর সামনে এসেছে।

পাকিস্তানের এফ-১৬ জেট গুলি করে নামিয়েছে আফগানিস্তান।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৯

আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান। পাক সেনার হামলার জবাবে গতকাল রাত থেকে উত্তপ্ত ডুরান্ড লাইন। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের বায়ুসেনা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। জবাব দিয়েছে আফগানিস্তান। জানা যাচ্ছে, পাকিস্তানের ইসলামাবাদ-সহ একাধিক জায়গায় পাক সেনার ছাউনি লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

গত বৃহস্পতিবার আফগানিস্তানের কাবুলে পাক সেনার হামলায় ১৩৬ জনের মৃত‍্যু হয়েছিল বলে দাবি করেছিল পাকিস্তান। তার জবাবে, গত রাতে ডুরান্ড লাইনের সীমান্ত লাগোয়া, পাক সেনার ছাউনিতে ব‍্যাপক গোলাবর্ষণ করে আফগানিস্তানের সেনাবাহিনী। আফগানিস্তানের দাবি, তাতে ৫৫ জন পাক সেনা নিহত হয়েছে। ১৫টির বেশি পাকিস্তানের সেনাঘাঁটির ওপর নিয়ন্ত্রণ নিয়েছে তালিবান সেনা। বেশ কয়েক জন পাক সেনা জওয়ানকে আটক করা হয়েছে।

আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানের সেনাঘাঁটি লক্ষ‍্য করে অভিযান চালানো হয়েছে। ১৫টি সেনাঘাঁটি তালিবানি সেনা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তার মধ্যে, দোরাবাবায় দু’টি, গোস্থায় তিনটি, দু’টি দোকলামে। তাঁর দাবি, হামলার জবাব দেওয়া হয়েছে।

এর পরেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ সমাজমাধ্যমে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। তাঁর দাবি, “আফগানিস্তান সমস্ত সহ‍্যের সীমা লঙ্ঘন করেছে।” এই ঘোষণার পরেই আক্রমণ পাল্টা আক্রমণের খবর সামনে এসেছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আফগানিস্তানের পাকটিয়া, পাকতিকা এবং খোস্ত প্রদেশের সেনা ছাউনি লক্ষ্য করা আক্রমণ করেছে পাকিস্তান। জবাবে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সেনা ছাউনি লক্ষ্য করে ড্রোন হামলা করেছে আফগানিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী সূত্রে সংবাদমাধ্যম দাবি করেছে, খাইবা পাখতুনখোয়া প্রদেশে তানা এলাকায় আফগানিস্তানের ড্রোন হামলা হয়েছে। সেখানে বেশ কয়েক জন পাক সেনা জওয়ান নিহত হয়েছেন। তবে সংখ্যাটা এখন নিশ্চিত করেনি পাকিস্তানের সরকার।


Share