Muhammad Yunus Faces Protest

আপনি জঙ্গি, বাংলাদেশে মানুষ খুন করেছেন’, নিউ ইয়র্ক বিমানবন্দরে মহম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ

নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে বিক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তাঁকে ‘জঙ্গি’ বলে আক্রমণ করেন একদল বাংলাদেশি প্রবাসী।

মহম্মদ ইউনূস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ০৩:১৫


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে ঘিরে এবার বিক্ষোভ আমেরিকায়। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লক্ষ্য করে একদল বাংলাদেশি প্রবাসীর ক্ষোভ উগরে দেওয়ার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের একাংশ ইউনূসকে ‘জঙ্গি’ বলে আক্রমণ করার পাশাপাশি বাংলাদেশে একাধিক মৃত্যুর জন্য তাঁকে দায়ী করেছেন। যদিও বিক্ষোভকারীদের তোলা অভিযোগগুলির স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি।

JFK Airport Protest: কী ঘটেছিল?

বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমানে নিউ ইয়র্কের বিমানবন্দরের টার্মিনাল ৮-এ পৌঁছন ইউনূস। সেই সময় হুইলচেয়ারে করে তাঁকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, তখনই কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি একজন সন্ত্রাসবাদী। বাংলাদেশে মানুষ খুন করেছেন। এখানে কেন এসেছেন?’ বিক্ষোভকারীদের আরও অভিযোগ, বাংলাদেশে হাজার হাজার পুলিশকর্মীর মৃত্যুর জন্য ইউনূস দায়ী এবং তাঁর আমলে প্রায় ২ লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মীরা তাঁকে সরিয়ে নিয়ে যান। সংবাদমাধ্যম ডেইলি সান-এর প্রতিবেদন অনুযায়ী, ইউনূস ও তাঁর সহযোগী লামিয়া মোরশেদ দ্রুত বিমানবন্দরের ভিতরে ফিরে যান। বিক্ষোভকারীদের পরিচয় নিশ্চিত হয়নি। একটি সংবাদমাধ্যম তাঁদের আওয়ামী লীগ সমর্থক বলে দাবি করেছে।

কেন ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ?

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের জেরে শেখ হাসিনার সরকারের পতন হয়। ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী ইউনূস। সরকারি তথ্য অনুযায়ী, ওই বছরের জুলাই-অগাস্টের আন্দোলনে প্রায় ১,৪০০ জনের মৃত্যু হয়েছিল।

ইউনূসের কার্যকালে বাংলাদেশে আইনশৃঙ্খলা, বিরোধীদের উপর হামলা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিতর্ক তৈরি হয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চল সম্পর্কে তাঁর মন্তব্যের জেরে নয়াদিল্লির সঙ্গেও কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়। ইতিমধ্যে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। এরপর প্রথম বিদেশ সফরেই আমেরিকায় বিক্ষোভের মুখে পড়লেন ইউনূস। এই ঘটনা নিয়ে এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।


Share